স্কুলের পর কলেজেও ছাত্রীরা এগিয়ে, হার বাড়েনি সরকারি চাকরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি, প্রথম আলো

অংশগ্রহণের দিক দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় দেশের ছাত্রীরা এক যুগেরও বেশি সময় ধরে ছাত্রদের চেয়ে এগিয়ে। এখন কলেজেও ছাত্রীরা এগিয়ে গেছে। দুই বছর ধরে সমতা অর্জনের এই ধারা রেখেছে কলেজ পর্যায়ের ছাত্রীরা। তবে শিক্ষার বিভিন্ন স্তরে ছাত্রীদের হার বাড়লেও সেই তুলনায় সরকারি চাকরিতে নারীর হার খুব একটা বাড়ছে না। বরং পাঁচ বছর ধরে এই হার একই জায়গায় আটকে আছে।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০১৫ সালের অনেক আগেই দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীর সমতা অর্জন হয়েছে। সরকারের সর্বশেষ তথ্য বলছে, এখন কলেজে ছাত্রী ৫০ শতাংশের বেশি। শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে ইতিবাচক উল্লেখ করে বলছেন, এ ধারা ধরে রেখে এর ওপরের স্তরেও ছাত্রীদের অংশগ্রহণের হার বাড়াতে হবে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নের জন্য কর্মক্ষেত্রেও নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের করা সরকারি চাকরিজীবীদের তথ্যসংক্রান্ত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে সরকারি নারী কর্মকর্তা-কর্মচারী ২৭ থেকে ২৮ শতাংশের মধ্যে থেমে আছে। এ ছাড়া বিসিএসের মাধ্যমেও চাকরিতে নারীর হার খুব একটা বাড়ছে না। এমনকি শীর্ষস্থানীয় ও নীতিনির্ধারণী পদে নারীর অংশগ্রহণ এখনো অনেক কম। যেমন বর্তমানে ৭৭ জন সচিবের মধ্যে নারী সচিব মাত্র ৯ জন।

প্রতিবছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে বার্ষিক পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করে সরকারের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংস্থাটি ২০২১ সালের তথ্য সংগ্রহ করে এখন প্রতিবেদন তৈরির কাজ করছে। শিগগিরই এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ব্যানবেইসের একজন কর্মকর্তা।

ব্যানবেইস সূত্রমতে, এখন সারা দেশের কলেজে মোট শিক্ষার্থী ৪৮ লাখ ৭৩ হাজার ৬১৪ জন। এর মধ্যে ছাত্রী ২৪ লাখ ৫০ হাজার ৯৮০ জন। এই স্তরে ছাত্রী ৫০ দশমিক ২৯ শতাংশ। আগের বছরও ছাত্রছাত্রীদের মধ্যে সমতা ছিল। কিন্তু এবারও এই হার বেড়ে যাওয়ার অর্থ দাঁড়াল এখন ধারাবাহিকভাবেই কলেজে ছাত্রীদের হার বেশি হতে শুরু করেছে। অথচ ২০১৯ সালেও কলেজে ছাত্রী ছিল ৪৮ শতাংশের সামান্য বেশি।

প্রতীকী ছবি

তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা এখনো ৩৫ থেকে ৩৬ শতাংশের ঘরেই আটকে আছে। ব্যানবেইসের ২০২১ সালের প্রাথমিক তথ্য বলছে, বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রী ৩৬ শতাংশের সামান্য বেশি। যা আগের বছর ছিল ৩৫ শতাংশের সামান্য বেশি। আর ২০১৯ সালে ছিল ৩৬ শতাংশের সামান্য বেশি। যদিও চিকিৎসা, আইন, কৃষিশিক্ষাসহ পেশাগত শিক্ষায় নারীরা আগের মতোই এগিয়ে আছেন।

তবে কারিগরি ও বৃত্তিমূলক (ভকেশনাল) শিক্ষায় নারীরা এখনো বেশ পিছিয়ে। নতুন তথ্য বলছে, এই ক্ষেত্রে নারীদের হার এক বছরের ব্যবধানে কমেছে। ২০২০ সালে কারিগরিতে যেখানে ছাত্রীদের হার ছিল ২৭–এর সামান্য বেশি; সেখানে ২০২১ সালে এসে এই হার দাঁড়িয়েছে প্রায় ২৪। কারিগরি-ভকেশনালে এখন মোট শিক্ষার্থী ১২ লাখ ৫৮ হাজার ৮৩৯ জন।

চাকরিতে নারীর অংশগ্রহণ এখনো প্রত্যাশিত পর্যায়ে না গেলেও শিক্ষার বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ বাড়াকে ইতিবাচক বলছেন শিক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের অভিমত হলো, শিক্ষায় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়বে। শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করেন, মানুষের সচেতনতার পাশাপাশি শিক্ষায় নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উপবৃত্তিও একটি বড় ভূমিকা রাখছে।

ফাইল ছবি, প্রথম আলো

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ছাত্রীদের নিজের এবং অভিভাবকদের সচেতনতার কারণেই এখন অংশগ্রহণে নারীরা এগিয়ে যাচ্ছে। এটি অবশ্যই ভালো দিক। কিন্তু যত ছাত্রী পড়াশোনা শেষ করে বের হচ্ছেন, সেই তুলনায় হয়তো সরকারি চাকরিতে হারটি ঠিক থাকছে না। সরকারি চাকরিতে না হলেও অনেকেই কিন্তু বেসরকারি পর্যায়ে চাকরি করছেন। বিশেষ করে, তৈরি পোশাক খাতে বিরাট অংশই এখন নারী। সরকারি চাকরিতে বদলিসহ কিছু প্রতিবন্ধকতার কারণে অনেক পরিবার ইচ্ছা থাকার পরও মেয়েদের সরকারি চাকরিতে দিতে চায় না। তাই বদলির নীতিমালাসহ এ–সংক্রান্ত বিষয়গুলো আরও নারীবান্ধব করার বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত।