ভাবতে দুঃখই লাগে যে, বাংলাদেশের স্কুলের পাঠ্যক্রমে ইতিহাসের অংশ খুবই সামান্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেছেন, ‘ইতিহাস শেখার যে গুরুত্ব, সেটি মাধ্যমিক পর্যায়ে আমরা হারিয়ে ফেলি। তাহলে পরবর্তীকালে ইতিহাসের চর্চা কিংবা ইতিহাসের অধ্যয়ন দুর্বল হতে বাধ্য।’
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের সুবর্ণ জয়ন্তী এবং একাদশ দ্বিবার্ষিক জাতীয় ইতিহাস সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামান এসব কথা বলেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ইতিহাসের পঠনপাঠন আরও বেশি হওয়া দরকার। না হলে আমাদের ইতিহাসজ্ঞান দুর্বল হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা সব সময় অতীতের ভিত্তির ওপর বর্তমান ও ভবিষ্যৎকে নির্মাণ করতে চাই। কাজেই সেই অতীত ভিত্তিটাকে আমাদের ধরে রাখতে হবে। একই সঙ্গে আমাদের কী ভ্রান্তি, অসুবিধা ইতিহাসের ব্যাখ্যা করার ক্ষেত্রে বা ইতিহাসের ঘটনা ঘটানোর ক্ষেত্রে, এটাও আমরা আলোচনা করে তার থেকে লাভবান হতে পারি। আশা করি, বাংলাদেশের পাঠ্যবিষয়ের মধ্যে ইতিহাসচর্চা আরও গুরুত্ব পাবে। এর বাইরেও ইতিহাসবিদ ও অন্যরাও তাঁদের সাধ্যমতো ইতিহাসচর্চায় এগিয়ে আসবেন এবং আমাদের ধারাকে সমৃদ্ধ করবেন।’
সম্মেলনে বক্তা হিসেবে ‘ইতিহাসে একটি ঐতিহাসিক পরাজয়’ শীর্ষক বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘তনুর যে বিচার হচ্ছে না, যেটা খুবই তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে, তনুর মা-বাবাকে জেরা করা হচ্ছে। তাঁর মাকে জেরাতে ৮০ বার একই প্রশ্ন করা হয়েছে যে মেয়েটি বিয়ে দেননি কেন? তো বাংলাদেশে যে বালিকা বিবাহ প্রচলন, তার কারণ তো এখানে যে মেয়েদের নিরাপত্তা নেই। তনু নিহত হলে, ধর্ষিত হলে তার কোনো বিচার হবে না। যখন সারা দেশ জেগে উঠবে, দাবি করবে, তখনো বিচার হবে না।’
সম্মেলনে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্যে নারীর উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সিরাজুল ইসলাম চৌধুরী গ্রিক সাহিত্যিক হোমার, ইংরেজ সাহিত্যিক শেক্সপিয়ার, বাংলা সাহিত্যিক প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন সাহিত্যিকের রচনায় নারীচরিত্রের উপস্থিতি ব্যাখ্যা করেন। এ ছাড়া রামায়ণ, মহাভারত এবং ইডিপাস, লালসালুতে নারীচরিত্রের দৃঢ় থাকা না-থাকার বিষয়টি উঠে আসে তাঁর বক্তৃতায়।
বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির।