স্কুলের পাশে আস্তাকুঁড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের কলেজ রোডে অবস্থিত মুসলিম বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ডাস্টবিন থাকায় ভোগান্তি নিয়ে আসা–যাওয়া করে শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ময়মনসিংহ শহরের কলেজ রোডে অবস্থিত মুসলিম বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ডাস্টবিন থাকায় ভোগান্তি নিয়ে আসা–যাওয়া করে শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ময়মনসিংহ শহরের কেসি রায় সড়কে অবস্থিত মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাত্র ২০ গজ দূরে একটি আস্তাকুঁড় (ডাস্টবিন)। সেটির গন্ধে অতিষ্ঠ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
ওই আস্তাকুঁড় থেকে ৪০০ মিটার দূরত্বের মধ্যে সরকারি আনন্দ মোহন কলেজ ও মুমিনুন্নিসা সরকারি কলেজ। ওই দুটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও আস্তাকুঁড়ের আবর্জনার গন্ধে ভোগান্তি পোহাচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আস্তাকুঁড়টির বাইরে আবর্জনা ছড়িয়ে আছে। পশুপাখি ওই আবর্জনা ঘাঁটছে। এতে আবর্জনা আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থী ও পথচারীরা নাক চেপে চলাচল করছে।
স্থানীয় অনেকে জানান, আস্তাকুঁড়টির আবর্জনা অপসারণের নির্দিষ্ট কোনো সময় নেই। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা কোনো দিন রাতে আবার কোনো দিন দুপুরে আবর্জনা অপসারণ করেন। এ জন্য সব সময়ই দুর্গন্ধ থাকে। এতে তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় লোকজনেরও ভোগান্তি পোহাতে হয়।
তিন প্রতিষ্ঠানের বেশ কিছুসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই পথ দিয়ে চলতে গিয়ে আনন্দ মোহন ও মুমিনুন্নিসা কলেজের শিক্ষার্থীরা দুর্গন্ধে অতিষ্ঠ। তবে মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আস্তাকুঁড়টি মাত্র ২০ গজের মধ্যে হওয়ায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তিতে সবচেয়ে বেশি। তারা শ্রেণিকক্ষে দুর্গন্ধে টিকতে পারে না।
মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার ও এলিজাবেথ তন্দ্রা জানায়, সকাল সাড়ে সাতটায় তাদের স্কুল শুরু হয়। বেশির ভাগ দিনই আস্তাকুঁড়টির সামনে এলে নাক চেপে ধরতে হয়। দুর্গন্ধে তাদের বমির ভাব হয়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাফিনা জেসমিন বলে, ‘দুর্গন্ধের কারণে ক্লাসে টিকা যায় না। ক্লাসের সবাই চাঁদা তুলে এয়ার ফ্রেশনার কিনেছি।’
দশম শ্রেণির মাকসুদা আক্তার ও নূরে জান্নাত জানায়, বৃষ্টি হলে আস্তাকুঁড়ের আবর্জনা স্কুলের সামনে ছড়িয়ে পড়ে। তখন স্কুলে যাওয়াই কঠিন হয়ে পড়ে।
এ অবস্থা থেকে বাঁচতে তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আস্তাকুঁড়টি অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তার বলেন, ‘ডাস্টবিনটি আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই ভোগান্তির সৃষ্টি করে। দুই বছর আগে পৌরসভায় লিখিতভাবে আবেদন করে এটি দুর্গন্ধমুক্ত রাখতে বলেছি। মাঝে মাঝে দুর্গন্ধমুক্ত থাকলেও বর্ষা মৌসুমে অবস্থা খুব খারাপ হয়।’
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পৌরসভার স্যানিটেশন পরিদর্শক দীপক মজুমদার বলেন, ‘পৌরসভার কর্মীরা ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার করেন। এটি সরিয়ে নেওয়ার কোনো চিন্তা আমাদের নেই। তবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হতে পারে।’