স্কুলের পাশে ওয়ার্কশপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ডাকনাম সুমি। শ্রেণিকক্ষে সে পড়ায় মন বসাতে পারে না। সুমির মতো সমস্যা স্কুলের অন্য শিক্ষার্থীদেরও। তাদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটায় প্রচণ্ড শব্দ।
সুমি বলল, ‘ক্লাসে বসে শুধু বিকট শব্দ শুনি, পড়াশোনায় ক্ষতি হয়। শিক্ষকদের বললে তাঁরা চুপ করে থাকেন।’ সুমি যে প্রচণ্ড শব্দের কথা বলছিল, তা আসে স্কুলের সীমানাদেয়ালের বাইরের রাস্তা ও খোলা স্থান থেকে। নিরন্তর ছুটে চলা বাস, ট্রাকের হর্ন আর হাতুড়ি পেটানো এই শব্দের প্রধান উৎস।
কমলাপুর টিটি পাড়া বস্তির অদূরে এই শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও রয়েছে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ। আট বছর আগে ২০০৭ সালের জুনে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সামনে অবৈধভাবে তৈরি করা হয়েছিল পাঁচটির মতো দোকান। সঙ্গে তিনটি পরিবহন কোম্পানির কাউন্টার। অবৈধ এসব স্থাপনা সম্পর্কে সে সময়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করে।
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবার রমরমা ব্যবসা ফেঁদে বসেছেন অনেকেই। শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে ৫০টির মতো দোকান, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। হাতুড়ি পেটানো বা লোহালক্কড় কাটার কর্কশ শব্দ আসছে সেখান থেকেই। স্কুলের সামনের রাস্তা থেকে শুরু করে দক্ষিণ দিকে অন্তত ২০০ মিটার জায়গাজুড়ে বাস আর ট্রাকের স্ট্যান্ড।
কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের লাল রঙের বহুতল ভবনের দক্ষিণে সীমানাদেয়াল। তার সঙ্গে লাগোয়া পরিবহন কাউন্টার থেকে শুরু করে এসি ঠিক করার ওয়ার্কশপ, গ্যারেজ, লাকড়ির দোকান—সবই আছে। রীতিমতো স্থায়ী স্থাপনা। পূর্ব দিকে আছে রড-সিমেন্টের দোকান, কুরিয়ার সার্ভিস অফিস। রাস্তার অর্ধেকটা জুড়ে চলছে ইস্পাত পিটিয়ে বড় বড় গ্রিল তৈরির কাজ।
স্কুলে আসা দুজন শিক্ষার্থীর অভিভাবক মোতাহার হোসেন ও স্বপন দস্তিদার বলেন, একে তো ভারী যানবাহন চলায় বালুর মাঠ-সংলগ্ন এই রাস্তা ভেঙেচুরে গেছে, তার ওপর গ্রিল তৈরির কাজ চলায় ছাত্র-ছাত্রী আর পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গোপীবাগের এই দুই বাসিন্দা বলেন, ১৯৯৮ ও ২০০৪ সালের বন্যাকবলিত অনেক মানুষ কমলাপুর সরকারি প্রাথমিক স্কুলে আশ্রয় নিয়েছিল। এখন বাসস্ট্যান্ড ও দোকানপাটের কারণে স্কুলে শিক্ষার্থীদের যাতায়াত করা কষ্টকর হয়ে পড়েছে।
এই দুই স্কুলের প্রধান শিক্ষকদের গতকাল পাওয়া যায়নি। চারজন সাধারণ শিক্ষকের সঙ্গে কথা হয়। স্কুলের সামনে দোকানপাট, কাউন্টার এবং বাস ও ট্রাকস্ট্যান্ড করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও তাঁরা নাম প্রকাশ না করার অনুরোধ করেন। প্রথম আলোকে তাঁরা বলেন, স্কুলের শিক্ষার্থীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ এসব স্থাপনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানে না। তাদের কোনো অনুমতিও নেওয়া হয়নি বলে জানান তাঁরা। যারা এগুলো করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—প্রশ্ন করা হলে তাঁরা বলেন, রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় কিছু লোক বাস ও ট্রাকস্ট্যান্ড এবং দোকানপাটের জায়গা বরাদ্দ দিয়েছে। এ ক্ষেত্রে দুই লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের। জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া বলেন, ‘এসব দোকানপাটের কোনো বৈধতা নেই। স্কুলের আশপাশের কিছু বাড়ির মালিক এসব অবৈধ দোকানপাট ও ওয়ার্কশপ বানিয়ে ভাড়া দিয়েছেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, সিটি করপোরেশন এসব দোকানের ট্রেড লাইসেন্স দিয়েছে।’
রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা মো. নূরুন্নবী প্রথম আলোকে বলেন, বাসস্ট্যান্ড সম্পূর্ণ অবৈধ। কেউ এগুলো রাখার জন্য রেলওয়েকে ভাড়া পর্যন্ত দেয় না। অবৈধ স্ট্যান্ড ও দোকানপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, আগে নোটিশ দেওয়া হবে। সরে না গেলে উচ্ছেদ অভিযান চালানো হবে।