স্কুলের পাশে বিএনপি নেতার ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির স্থানীয় এক নেতা একটি বিদ্যালয়ের পাশে ইটভাটা নির্মাণ করেছেন। এতে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাস ছয়েক আগে উপজেলার মোড়াগাছা গ্রামে মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষে কৃষিজমিতে ইউনিয়ন বিএনপির সদস্য আনছার আলী ‘হাওয়া ব্রিকস’ নামের একটি ইটভাটা নির্মাণ করেছেন।বিদ্যালয়ের সীমানা ঘেঁষে ইটভাটা নির্মাণের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানায়, গ্রীষ্ম মৌসুমে গরম আর ইটভাটার তীব্র তাপে ক্লাস করা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ইতি খাতুন বলে, ‘স্কুলের পাশে ইটভাটা থাকায় আমরা সুষ্ঠুভাবে ক্লাস করতে পারছি না। তা ছাড়া ভাটার কালো ধোঁয়ায় স্কুলের পরিবেশ দূষিত হচ্ছে। এতে এখন বিদ্যালয়ে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে।’ সপ্তম শ্রেণীর ছাত্র সবুজ জানায়, ভাটার আগুনের তাপে ক্লাস করতে খুব কষ্ট হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী বলেন, ‘বিদ্যালয়ের পাশে ইটভাটা হওয়ায় ছাত্রছাত্রীসহ আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্লাস নিতে আমাদের সমস্যা হচ্ছে।’বিধি অনুযায়ী, আবাসিক এলাকা (যেখানে ন্যূনতম ৫০টি বাড়ি), অন্তত ৫০টি গাছ ও সামাজিক স্থাপনার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। অথচ লোকালয়ে এই ইটভাটাটি চলছে। ভাটার প্রায় ৪০০ গজ দূরে মোড়াগাছা বাজার। মোড়াগাছা গ্রামে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। ভাটার পাশের এক বাড়ির বাসিন্দা খলিলুর রহমান জানান, ভাটার কালো ধোঁয়া আর তীব্র গন্ধে গ্রামের পরিবেশ হুমকির মুখে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তাকে হাত করেই অবৈধভাবে এ ইটভাটা নির্মাণ করা হয়েছে। কুষ্টিয়ার পরিবেশবিদ গৌতম দাস জানান, স্কুলের পাশে কীভাবে ইটভাটা চলছে, তা খতিয়ে দেখা দরকার।এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ভাটার মালিক আনছার আলীকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে জানতে চাইলে আনছার আলীর ছেলে সেলিম রেজা বলেন, নিয়ম অনুযায়ীই ইটভাটাটি চলছেবিদ্যালয়ের সীমানা ঘেঁষে ইটভাটা নির্মাণের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দাউদ মিয়া বলেন, ‘আমি বিষয়টি শুনেছি; তবে সেখানে কখনো যাইনি। আইনবহির্ভূতভাবে ভাটাটি নির্মাণ করা হয়ে থাকলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিদর্শক আজাহার উদ্দিন মুঠোফোনে বলেন, ‘স্কুলের পাশে ভাটা নির্মাণের বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি তদন্ত করে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’