স্কুলের পাশে ময়লা ফেলার প্রতিবাদে সড়ক অবরোধ
স্কুলের পাশে ময়লা-আবর্জনা ফেলে দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মৌলভীবাজারের কাশীনাথ-আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে শিক্ষার্থীরা স্কুলের পাশে প্রায় ২০ মিনিট অবস্থান করে।
স্কুলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রায় তিন মাস ধরে মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা ময়লা-আবর্জনা পৌরসভা-সংলগ্ন কাশীনাথ-আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের উত্তর সীমানার দেয়াল ঘেঁষে স্তূপ করে রাখছে। এতে স্কুলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। এখানে ময়লা না ফেলার জন্য পৌর কর্তৃপক্ষকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ময়লা ফেলা বন্ধ করা হয়নি।
কলেজের অধ্যক্ষ মো. আয়ূব আলী বলেন, প্রায় দু-তিন মাস ধরে স্কুলের বাউন্ডারির পাশে এনে ময়লা রাখা হয়। এ কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। স্কুলের উত্তর দিকের জানালা সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। তারপরও গন্ধ থেকে রেহাই মিলছে না। পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুর্গন্ধের কারণে শনিবার দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে গেছে। গতকাল রোববার ছাত্ররা নীরব প্রতিবাদ করার জন্য একপর্যায়ে স্কুল থেকে বেরিয়ে যায়।
মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শহরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট ভ্যানে করে পৌরসভার কাছে এনে ময়লা স্তূপ করা হয়। পরে ট্রাকে করে তা ময়লা ফেলার স্থানে নিয়ে যাওয়া হয়। এই ময়লা ফেলা ও তোলার সময়টুকুতে গন্ধ ছড়ায় বলে স্কুল কর্তৃপক্ষ আপত্তি করেছে। এখানে আর ময়লা ফেলা হবে না। ময়লা স্তূপ করে ট্রাকে নেওয়ার জন্য আমরা নতুন জায়গা খুঁজছি।’