স্কুলের প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা নেয়নি পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় একটি মাঠের সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে দুই বিদ্যালয়ের মধ্যে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার কামারবাড়ি আদর্শ বালিকা বিদ্যালয় ও কাঁঠালবাড়ি উচ্চবিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে দুই একর আয়তনের একটি মাঠ রয়েছে। মাঠটি কামারবাড়ি আদর্শ বালিকা বিদ্যালয়ের।
বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান, এর আগে তাঁরা মাঠের সীমানাপ্রাচীরের পিলার নির্মাণ করেছেন। প্রাচীর নির্মাণের জন্য তাঁরা সম্প্রতি ইটও কিনে আনেন। বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাড়ি উচ্চবিদ্যালয়ের পক্ষে তিন শতাধিক ভাড়াটে লোক মাঠের সীমানা পিলার গুঁড়িয়ে দেন। হামলাকারীরা বিদ্যালয়ের পার্শ্ববর্তী তিনটি দোকানে হামলা চালিয়ে সেখানে ভাঙচুর ও লুটপাট চালান। তিনি অভিযোগ করেন, তাঁদের মাঠ দখলে নিতে কাঁঠালবাড়ি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ এই ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
তবে কাঁঠালবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বা তাঁর প্রতিষ্ঠান এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে কাঁঠালবাড়ি গ্রামের লোকজন খেলার জন্য মাঠ উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন। তিনিও ওই দাবির পক্ষে।
কামারবাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাঁরা এ ঘটনায় থানায় মামলা করতে গেলে সাংসদ এর সুরাহা করে দেবেন বলে জানিয়ে বাগমারা থানার ওসি আবদুল হামিদ তাঁদের ফিরিয়ে দেন। তবে ওসি বলেন, তিনি এ কথা বলেননি। তাঁরা (বালিকা বিদ্যালয়ের প্রতিনিধি) মামলা করার কথা বলে চলে গেছেন, পরে আর আসেনি।
কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এই মাঠে স্কুলের শিক্ষার্থী ছাড়াও এলাকার লোকজন খেলাধুলা করে আসছেন। বালিকা বিদ্যালয় প্রাচীর দিয়ে তা বন্ধ করতে চাইছে।
কামারবাড়ি গ্রামের বাসিন্দা ও বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জসিম উদ্দিন বলেন, মাঠটি বালিকা বিদ্যালয়ের। ছাত্রীদের নিরাপত্তার জন্য এটি ঘিরে রাখা প্রয়োজন।