স্কুলের ফটকে যানবাহনের স্ট্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার শহীদ স্বরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের ফটক বন্ধ করে গড়ে তোলা হয়েছে ইজিবাইকের স্ট্যান্ড। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
কিশোরগঞ্জের নিকলী উপজেলার শহীদ স্বরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের ফটক বন্ধ করে গড়ে তোলা হয়েছে ইজিবাইকের স্ট্যান্ড। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনেকগুলো সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক (ব্যাটারিচালিত তিন চাকার যান)। এগুলোর পাশ ঘেঁষে এঁকেবেঁকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে। অনেক সময় যাত্রী ও চালকদের আচরণে তারা অস্বস্তিতে পড়ছে। বিদ্যালয় থেকে বের হওয়ার সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। কিশোরগঞ্জের নিকলী উপজেলার শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনের চিত্র এটি।
একইভাবে উপজেলা সদরে নিকলী জিসি মডেল উচ্চবিদ্যালয়, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজ, নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে লেগুনা, ভটভটি, ইজিবাইক, মোটরসাইকেল ও রিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এ ছাড়া উপজেলা পরিষদের সামনে চার সড়কের মোড়ে কিশোরগঞ্জগামী অটোরিকশা, পশ্চিম কবরস্থানের ফটকের সামনে ইজিবাইক, টিঅ্যান্ডটি সড়কে অসংখ্য পিকআপ দাঁড়িয়ে থাকে। এতে এসব এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। সড়কে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ায় পথচারীরাও ভোগান্তিতে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বলে, ‘বিদ্যালয়ের গেট বন্ধ করে তারা গাড়ি রাখেন। আমাদের চলাচল করতে কষ্ট হয়। অনেক সময় ওই সব যানবাহনের চালকেরা খারাপ অঙ্গভঙ্গি করেন। অনেকেই প্রধান ফটকের পরিবর্তে বিদ্যালয়ের পেছনে দক্ষিণ ফটক দিয়ে বের হয়। এতে অনেকটা পথ ঘুরতে হয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের সামনে থেকে চট্টগ্রামগামী বাসসহ মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশার অবৈধ স্ট্যান্ড সরাতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার বলার পরও ফল মেলেনি। নিজেরাও এসব যানবাহন সরানোর চেষ্টা করে কাজ হয়নি।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, কর্তৃপক্ষের নজরদারির অভাবে উপজেলা সদরে একের পর এক অস্থায়ী অবৈধ স্ট্যান্ড গড়ে উঠছে। এখনই সমস্যা সমাধানের উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে এসব স্ট্যান্ড জনগণের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে।
উপজেলা সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মুর্শিদ আলী বলেন, নির্ধারিত স্ট্যান্ড না থাকায় তাঁরা সড়কের ওপরে যানবাহন রাখতে বাধ্য হচ্ছেন। স্থায়ী স্ট্যান্ডের জন্য উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার ধরনা দিলেও কোনো কাজ হয়নি।
নিকলী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, উপজেলার আশপাশে যানবাহনের স্ট্যান্ড নির্মাণের জন্য কোনো খাসজমি নেই। ব্যক্তিগতভাবে কেউ জমি দিতে আগ্রহী হলে সেই জায়গায় স্ট্যান্ড গড়ে তুলতে সহযোগিতা করবে প্রশাসন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শিগগিরই সভা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।