স্কুলের বদলে অন্যের বাড়িতে পরীক্ষা

শিক্ষক-শিক্ষার্থীরা এসে দেখেন বৈশাখী ঝড়ে স্কুলের টিনের চাল উড়ে গেছে। এদিকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার সময় ঘনিয়ে এসেছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়ার জন্য স্কুলের পাশের বাড়িটিই বেছে নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার ওই বাড়িতে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের দক্ষিণ জামরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, গত রোববার রাতে কালবৈশাখীতে স্কুলের টিনের চাল উড়ে যায়। গতকাল সকালের ঝড়ে আরও ক্ষতি হয়। শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে এসে দেখেন সব লন্ডভন্ড। গতকাল ছিল স্কুলের প্রথম সাময়িকী পরীক্ষা। পরীক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অগত্যা পাশের এক বাসা বেছে নেওয়া হয়। স্থানসংকুলান না হওয়ায় ঠাসাঠাসি করে বসে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।
গতকাল সরেজমিন দেখা গেছে, জেলা শহর থেকে স্কুলের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। গত দুই দিনের কালবৈশাখীতে স্কুলের টিনের চাল উড়িয়ে নিয়ে গাছের ওপর ফেলেছে।
প্রধান শিক্ষক প্রজ্ঞা পারমিতা বিশ্বাস জানান, ২০০৭ সালে স্কুলটি স্থাপিত হয়। শিক্ষার্থীর সংখ্যা ২০০। স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা চলছে। তিনি বলেন, ‘আজ (সোমবার) এসে দেখি, কালবৈশাখীতে স্কুলের টিনের চাল উড়ে গেছে। পাশেই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আকছির উদ্দীন মোল্যার বাড়ি। বাধ্য হয়ে তাঁর বাড়িতেই পরীক্ষার কার্যক্রম শুরু করতে হয়। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছালমা খাতুন, জাহানারা, হাসানসহ কয়েকজন জানায়, গাদাগাদি করে বসে পরীক্ষা দিতে হয়েছে। তাই পরীক্ষা দিতে অনেক কষ্ট হচ্ছে। আক্ষেপ করে তারা বলে, ‘কবে যে আমাদের স্কুলটি পাকা হবে!’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, সরকারি অনুদান ছাড়াই স্থানীয় উদ্যোগে স্কুলটি ২০০৭ সালে স্থাপন করা হয়। স্কুলটি পরে জাতীয়করণ হয়েছে। গত দুই দিনের কালবৈশাখীতে জেলায় মোট পাঁচটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রথম সাময়িকী পরীক্ষা নেওয়া হয়েছে। এ জন্য তাদের সাধুবাদ দেওয়া উচিত।