স্কুলের বদলে আলুখেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাথমিক পর্যায়ের অনেক শিশু-শিক্ষার্থী এখন স্কুলে নয়, যাচ্ছে আলুখেতে। শিক্ষার্থীরা খেত থেকে আলু তোলার কাজ করছে। এ কারণে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কমে গেছে বলে শিক্ষকেরা জানিয়েছেন। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে শিশুরা ৫০ থেকে ১০০ টাকা পাচ্ছে। অথচ সমপরিমাণ কাজ করে বয়স্ক দিনমজুরেরা পাচ্ছেন ২০০-২৫০ টাকা। মজুরি কম হওয়ায় খেতের মালিকেরা শিশুদের দিয়ে আলু তুলতে বেশি আগ্রহী।এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবগঞ্জ উত্তরাঞ্চলের মধ্যে আলু উৎপাদনের প্রধান এলাকা হিসেবে পরিচিত। এখন খেত থেকে আলু তোলার মৌসুম। তাই এলাকায় শ্রমিক-সংকট প্রকট। আর এ কারণে খেত-মালিকেরা দরিদ্র পরিবারের শিশুদের দিনমজুর হিসেবে কাজ করাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ভায়েরপুকুর মাঠে গিয়ে দেখা যায়, যেসব খেত থেকে আলু তোলা হচ্ছে সেখানে ভিড় করছে ছোট ছোট শিশুর দল। তাদের কারও হাতে কোদাল, কারও হাতে থলে, কেউবা এসেছে গামলা নিয়ে। খেত থেকে আলু তুলে তারা খেতের এক পাশে জড়ো করছে। তাদেরই একজন বিষ্ণু চাকি জানায়, সে নাটমরিচাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তিন দিন হলো বিদ্যালয়ে যাচ্ছে না। বিদ্যালয়ে না গিয়ে সে আলু তোলার শ্রমিকের কাজ করছে। সে প্রতিদিন ৭৫ টাকা করে পায়। এ টাকা সে তার বাবা-মার হাতে তুলে দেয়। দোপাড়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, সেখানেও অনেক শিশু-শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে মাঠে আলু তোলার কাজ করছে। এসব শিশুর একজন জাহিদ হাসান বলে, সে দোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। আলু তোলা মৌসুমের ১০-১২ দিন সে খেতে মজুরি খাটবে। এ কাজ করে যে টাকা পাবে, তা দিয়ে গাইড বই ও নতুন জামা-কাপড় কিনবে। প্রতিদিন সে ৮০ টাকা করে মজুরি পায়। দোপাড়া গ্রামের দিনমজুর জয়নাল আবেদীন (৪৫) জানান, তাঁর দুই ছেলে। একজন পঞ্চম শ্রেণী, আরেকজন তৃতীয় শ্রেণীতে পড়ে। তবে আলু তোলার কয়েকটা দিন ছেলে দুটি বিদ্যালয়ে যায় না। বাবা ও ছেলেরা মিলে কাজ করায় সংসারের বেশ উপকার হয়। নাটমরিচাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘আলু তোলার এ সময়টায় গরিব ছাত্ররা আসে না। এ কারণে প্রায় অর্ধেক শিক্ষার্থী এ সময়টায় অনুপস্থিত থাকে। খেত থেকে আলু উঠে গেলে এ সমস্যা আর থাকবে না।’দোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা আকতার বলেন, ‘এলাকার অভাবি পরিবারের সন্তানেরা এ সময় আলুখেতে দিনমজুরের কাজ করে। এ কারণে আলু ওঠার কয়েকটা দিন বেশ কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না।’