ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত এতিম মেয়েদের একটি আবাসিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দের ক্ষেত্রে অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে।বাংলাদেশ ফিমেল একাডেমির (বিএফএ) প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী এবং ট্রাস্টিরা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও পরিচালনার কাজে সবার সহযোগিতা চেয়ে সম্প্রতি লন্ডনে যে সংবাদ সম্মেলন করেন, সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা এ অভিযোগ করেন। তাঁরা বলেন, স্কুলটির উন্নয়নে সরকার যে টাকা বরাদ্দ করেছিল, মন্ত্রী তা বাতিল করে অনৈতিক কাজ করেছেন। তবে তাঁরা আশা করছেন, প্রধানমন্ত্রী অচিরেই এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।বিএফএ নামের এই আবাসিক বালিকা বিদ্যালয় সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইতে অবস্থিত। ২০০৬ সালে মাত্র ৯০ জন মেয়েকে নিয়ে প্রাথমিক বিদ্যালয় হিসেবে এটি চালু করা হলেও বর্তমানে সেখানে ২০১ জন ছাত্রী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণ করছে। প্রতিষ্ঠানটির শ্রেণীকক্ষ ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য সুরঞ্জিত সেনগুপ্ত উন্নয়ন প্রকল্প অনুমোদন এবং তাতে ২২ কোটি টাকা বরাদ্দের জন্য ২০০৯ সাল থেকে একাধিকবার লিখিতভাবে সুপারিশ করেন। গত বছর প্রকল্পটির জন্য প্রথম পর্যায়ে নয় কোটি ৯৮ লাখ টাকা ছাড় করার সিদ্ধান্ত হলে হঠাৎ করেই সুরঞ্জিত ওই বরাদ্দ বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেন।চিঠিতে মন্ত্রী জানান, তাঁর নির্বাচনী এলাকার আরও অনেক স্কুলের জন্য কোনো বরাদ্দ না রেখে একটি প্রতিষ্ঠানের জন্য এত বড় অঙ্কের বরাদ্দ যুক্তিসংগত হবে না। এরপর শিক্ষামন্ত্রী অর্থ ছাড় করা স্থগিত করে এ বিষয়ে সাংসদের সঙ্গে আলোচনার পক্ষে মতামত দেন।ট্রাস্টিদের অভিযোগ, ওই বরাদ্দ ছাড় করানোর জন্য বড় অঙ্কের টাকা দাবি করে তা আদায়ে ব্যর্থ হয়ে সুরঞ্জিত স্কুলটির বরাদ্দ বাতিলের উদ্যোগ নেন।ঢাকা থেকে যোগাযোগ করা হলে সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘টাকা দেওয়া-নেওয়ার মালিক আমি নই, দেবে মন্ত্রণালয়। তবে এলাকার প্রতিনিধি হিসেবে সব প্রতিষ্ঠানে সমবণ্টনের কথা বলার অধিকার আমার আছে।’ তিনি অবশ্য টাকা দাবি করার অভিযোগ প্রত্যাখ্যান করেন।জামিল চৌধুরী জানান, তিনি ও স্কুলের পরিচালনা পরিষদ বরাদ্দ স্থগিত করার ওই আদেশের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রিট করলে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ওই আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। সংবাদ সম্মেলনে বিএফএর ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে শামসুল আলম ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের মহাপরিচালক এম আর চৌধুরী উপস্থিত ছিলেন।