স্কুলের বারান্দায় জোয়ারের পানি, পাঠদান ব্যাহত
জোয়ারের পানির কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের মাঠ ডুবে যাওয়ার পাশাপাশি ভবনের বারান্দা পর্যন্ত পানি চলে আসায় শিশুরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। প্রায় ছয় বছর ধরে এই অবস্থা চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন, জোয়ারের পানি উঠে আসায় অধিকাংশ সময় পাঠদান বন্ধ রাখতে হয়। মাঠে পানি থাকায় শিক্ষার্থীরা সমবেত জাতীয় সংগীত পরিবেশনের সুযোগ পায় না। শরীরচর্চা ও খেলাধুলা করতে পারে না।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পৌর এলাকার ছয়টি গ্রামের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এখানে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৮৩। শিক্ষক রয়েছেন তিনজন। ২০০৭ সালে সিডরের আঘাতে নাফ নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এর পর থেকে জোয়ারের পানি বিদ্যালয় চত্বরে ঢোকে। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম প্রথম আলোকে বলেন, শীত মৌসুমেও খেলার মাঠ ও বারান্দায় জোয়ারের পানি থাকে। তাই অ্যাসেম্বলি করা যাচ্ছে না। জোয়ারের পানি বেড়ে শ্রেণীকক্ষে ঢোকে। তখন পাঠদানও বন্ধ রাখতে হয়। শিক্ষার্থীরা হাঁটুপানি ভেঙে বিদ্যালয়ে যাওয়া-আসা করে। শিক্ষার্থীদের অনেকের শরীরে চুলকানি হয়েছে। স্থানীয় সাংসদ আবদুর রহমান বলেন, ৪০ লাখ টাকা ব্যয়ে ভাঙনকবলিত অংশে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণের উদ্দেশ্যে তাঁর নিজ উদ্যোগে কাজ চলছে। বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।