স্কুলের মাঠ দখল করে ৩০ দোকান
জায়গাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের; দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন দখলদারেরা। বিদ্যালয়ের ১১১ শতাংশ জমির মধ্যে প্রায় ৫০ শতাংশ তাঁরা দখল করে নিয়েছেন, যেখানে ২৫ জন দখলদারের ৩০টির মতো দোকানঘর রয়েছে। দখলের এই চিত্র ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দা বাজারের গুড়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।শিক্ষকেরা অভিযোগ করেন, পাঁচ-ছয় বছর ধরে দখলপ্রক্রিয়া চলছে। দখলদারদের কারণে বিদ্যালয়ের খেলার মাঠ সংকুচিত হয়ে গেছে। বাচ্চারা ঠিকমতো খেলাধুলা করতে পারে না। দোকানগুলোতে গান-বাজনা চলে। এতে পাশে থাকা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টিতে ৪৯৭ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। শিক্ষক আছেন সাতজন। বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। নিজস্ব জমির উত্তর প্রান্তে পুরোনো একটি ভবন আর পশ্চিম প্রান্তে আরেকটি নতুন ভবন রয়েছে। বিদ্যালয়টি মহেশপুর-জিন্নানগর সড়কের ধারে অবস্থিত। বর্তমানে বিদ্যালয়ের সামনে যেভাবে দোকানপাট গড়ে উঠেছে, তাতে দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে পেছনে একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আহসান হাবিব জানান, আনুমানিক ৫০ শতাংশ স্কুলের জমি চলে গেছে দখলদারদের কবলে। ২৫ জন দখলদার এখানে ৩০টি দোকান গড়ে তুলেছেন। কেউ টং-দোকান দিয়েছেন; আবার কেউ করেছেন পাকা ভবন। শিক্ষক আহসান হাবিব অভিযোগ করেন, সম্প্রতি মুন্নাফ আলী ও ঠান্ডু মিয়া নামের দুই ব্যক্তি দুটি পাকা দোকান নির্মাণ করেছেন। এই দোকান নির্মাণের সময় তাঁরা প্রতিবাদ করেন। কিন্তু তাঁদের সেই প্রতিবাদ উপেক্ষা করে রাতের আঁধারে এর নির্মাণকাজ শেষ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় স্কুলের সামনের বেশকিছু দোকান ভেঙে দেওয়া হয়। পরে দোকানগুলো আবার তোলা হয়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র তৌহিদ হাসান জানায়, স্কুলের মাঠে জায়গা না থাকায় তারা খেলাধুলা করতে পারে না। আরেক ছাত্র নূর সালিন জানায়, স্কুল শুরুর আগে অ্যাসেম্বলিতে দাঁড়াতে গিয়ে অনেক সময় লাইন বেঁকে (জায়গা কম থাকায়) যায়।দখলদারদের একজন লোকমান হোসেন জানান, তাঁদের কারণে বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের ক্ষতি হচ্ছে। কিন্তু তাঁদেরও বিকল্প কিছু করার নেই। এখানে দোকান দিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করেন। অপর দখলদার আয়ুব হোসেন জানান, অন্য সবাই উঠে গেলে তিনিও উঠে যাবেন।স্থানীয় বাজার কমিটির সভাপতি আশরাফুজ্জামান জানান, স্কুলের সামনেই গুড়দা বাজার। বাজারের প্রসার ঘটাতে অনেকে রাস্তার ধার দিয়ে দোকান করেছেন। এতে স্কুলের নিরাপত্তাও হয়েছে। তবে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না—এটা ঠিক।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন-অর রশীদ জানান, এভাবে বিদ্যালয়ের জমি দখল হতে থাকলে ভবিষ্যতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের চলাফেরা করা কষ্টকর হয়ে যাবে।