মাঠ সংস্কারের বরাদ্দ আ.লীগ নেতার পকেটে বর্ষা এলেই শ্রেণিকক্ষে বন্দী শিক্ষার্থীরা
স্কুলের মাঠ, না পুকুর?
ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে। উপজেলার রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এ মাঠের সমস্যা নিরসনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গত অর্থবছরে স্থানীয় সাংসদের কাছ থেকে দুই টন গম বরাদ্দ নেন। কিন্তু আজ পর্যন্ত মাঠটির অবস্থা একই রকম আছে। ওই আওয়ামী লীগ নেতা বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঠাকুরগাঁও জেলা তথ্য বাতায়নে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের দেওয়া তথ্যসূত্রে জানা গেছে, বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা দেখিয়ে মাঠ সংস্কারের নামে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনের কাছ থেকে দুই টন গম বরাদ্দ নেন রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক একরামুল হক। টিআর কর্মসূচির আওতায় ২০১২-১৩ অর্থবছরে এ বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগ নেতা একরামুল ছিলেন ওই প্রকল্পের চেয়ারম্যান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩২ সালে এক একর ১১ শতক জমির ওপর প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৮২ জন শিক্ষার্থী রয়েছে। এর সামনে একটি মাঠ আছে। কিন্তু বিদ্যালয়ের পূর্ব পাশের যে জায়গা দিয়ে মাঠের পানি বের হয়ে যেত, বছর দুয়েক আগে সেখানে ইটের রাস্তা বানানোয় মাঠটি নিচু হয়ে যায়। বর্ষা এলেই মাঠে জমা পানি আর বের হতে পারে না। ফলে এই তিন-চার মাস শিক্ষার্থীরা আর মাঠে খেলাধুলা করতে পারে না।
স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার বলেন, গত বছর বিদ্যালয়ের মাঠ সংস্কারের নামে বরাদ্দ দেওয়া হয়। এ পর্যন্ত কাজ হয়নি। তিনি আরও বলেন, শুধু গত বছরই নয়, এর আগেও ওই বিদ্যালয়ের নামে সরকারি বরাদ্দ নেওয়া হয়েছে। বরাদ্দের সবই গেছে প্রকল্প চেয়ারম্যানের পকেটে। অভিযোগ সম্পর্কে একরামুল হক বলেন, ‘বরাদ্দের টাকা কোথায় গেছে, বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদ ও প্রধান শিক্ষক সব জানেন। এরপরও সন্তুষ্ট না হলে যা করার করেন। আমি তখন জবাব দিব।’
প্রধান শিক্ষক ইয়াসমিন পারভীন বলেন, ‘সুযোগ পেলেই শিশুরা নোংরা পানিতে নেমে পড়ে। তাই বর্ষার শুরু থেকেই জনপ্রতিনিধিদের কাছে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে অনুরোধ করছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার বলেন, মাঠের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।