স্কুলের মাঠ ভরাটের নামে গম আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির দুটি প্রকল্পের আট মেট্রিক টন গম বিক্রির টাকা বিদ্যালয়ের মাঠ ভরাট না করেই আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পগুলোর দুই সভাপতি ওই টাকা আত্মসাৎ করেছেন বলে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গুণগাঁতী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও পাশের গর্ত মাটি দিয়ে ভরাটের জন্য দুটি প্রকল্প পৌরসভায় দাখিল করা হয়। টিআরের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আট মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রশিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হিসেবে আবদুল আউয়ালকে প্রকল্প দুটির সভাপতি করা হয়। স্থানীয় লোকজন জানান, নামমাত্র মাটি দিয়ে ওই বিদ্যালয়ের মাঠ ও গর্ত ভরাট করে প্রকল্পের চেয়ারম্যানরা আট মেট্রিক টন গম বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে আবদুল বাতেন, নজরুল ইসলাম, আবু রায়হান, শাহ আলমসহ কয়েকজন সেপ্টেম্বর মাসে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ইউএনও উপজেলা সমবায় কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেন। সমবায় কর্মকর্তা ২৫ অক্টোবর ইউএনওর কাছে প্রতিবেদন দিয়েছেন।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে সামান্য মাটি ফেলা হয়েছে। কিন্তু গর্তে কোনো মাটি ফেলা হয়নি। রায়গঞ্জের ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ওয়ার্ড কাউন্সিলর আবদুর রশিদ ও গণ্যমান্য ব্যক্তি আবদুল আউয়াল গম আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, নিয়ম অনুযায়ী কাজ করে মাস্টাররোল জমা দেওয়া হয়েছে। রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, তা হয়নি। এ কারণে এলাকাবাসী অভিযোগ দাখিল করেছেন।