স্কুলের মাঠ সংকুচিত করে উঠছে অবৈধ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ভবন নির্মাণ অব্যাহত থাকায় ছাত্র, শিক্ষক ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম চৌধুরী জানান, কোনো অনুমতি না নিয়ে বহুতল ভবনটি নির্মাণ করা হচ্ছে। এতে বিদ্যালয়ের খেলার মাঠ সংকুচিত হয়ে যাচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। বারবার নিষেধ করার পরও ঠিকাদার কাজ বন্ধ করছেন না। এতে ছাত্র ও ঠিকাদারের লোকজনের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও জানান, গত ২৫ আগস্ট ভবন নির্মাণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে শিক্ষাসচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়। এর আগে জেলা প্রশাসক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবরও চিঠি দেওয়া হয়েছিল। পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজ বন্ধ রাখার জন্য সদর উপজেলা প্রকৌশলীকে নির্দেশও দেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গত ২১ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের অভ্যন্তরে সীমানাপ্রাচীর ঘেঁষে (সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে) ছয় শতক জমির ওপর ৬১ ফুট দৈর্ঘ্য ও ৩৩ ফুট প্রস্থের বহুতল ভবনের নির্মাণকাজ চালাচ্ছেন ২৫ জন শ্রমিক। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আল নূর এন্টারপ্রাইজের মালিক নূরুল আলম দাঁড়িয়ে কাজের তদারক করছেন। বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের বিষয়ে নূরুল আলম জানান, কাজ বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রকৌশলীর মৌখিক নির্দেশে কাজ চালাতে হচ্ছে। ২৫ লাখ ৫৬ হাজার টাকায় তিনি কাজটি পেয়েছেন বলে জানান।সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল হক জানান, ১৯৫৮ সালে উচ্চবিদ্যালয়ের জমিতে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে ৫৫০ জন শিক্ষার্থী আছে। জায়গা সংকুলান হওয়ায় ভবনটি তৈরি করা হচ্ছিল।এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান, কাজ শুরুর পর জানা গেছে, জমিটি উচ্চবিদ্যালয়ের। প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হলেও নানা কারণে কাজ বন্ধ রাখা যাচ্ছে না। কারণ কাজ শেষ দেখানো না গেলে বিদেশি টাকা ফেরত যাবে। তাই ঠিকাদারকে কাজ চালানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, ভবনের কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও কাজ অব্যাহত রাখা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।