স্কুলের মাঠে পশুর হাট তাই আগে ছুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের মানিক চাঁদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাঁচ বছর ধরে গরুর হাট বসানো হচ্ছে। সপ্তাহের প্রতি বুধবার বেলা আড়াইটায় এ হাট বসে। এতে একদিকে ওই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধের কারণে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা শ্রেণীকক্ষে টিকতে পারছেন না। হাটের দিন আগেই ছুটি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, প্রতি বুধবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বিদ্যালয়ের মাঠে বসানো হাটে গরু কেনাবেচা করা হয়। রতনদী-তালতলী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদের প্রশ্রয়ে এখানে হাট বসানো হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত চারটা পর্যন্ত পাঠদান করা হয়। কিন্তু বুধবার আগেভাগেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। হাট বসানোর কারণে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় গরুর মলমূত্র পড়ে থাকে। এতে বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘দলিল অনুসারে বিদ্যালয়ের সামনের মাঠে আমাদের ১০-১৫ হাত জায়গা আছে। মাঠসংলগ্ন কিছু জমি হাটের নামে কাটাখালী বাজার উন্নয়ন কমিটি কিনে নিয়েছে। কিন্তু বুধবার দিন বিদ্যালয়ের জায়গায়ও হাট বসানো হয়।’ তিনি বুধবার বিদ্যালয় আগে ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। রতনদী-তালতলী ইউপির চেয়ারম্যান ও কাটাখালী বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘গবাদিপশুর হাটের জন্য ৫১ শতাংশ জমি কেনা হয়েছে। ওই জমি আর বিদ্যালয়ের জমি পাশাপাশি। বিদ্যালয়ের জমি কম হওয়ায় মনে হচ্ছে, বিদ্যালয়ের মাঠেই পশুর হাট বসছে। তবে আমরা গবাদিপশুর হাট অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করব।’গলাচিপা উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, ‘আমরা কাউকে প্রশ্রয় দিয়ে বিদ্যালয়ের মাঠে হাট বসাচ্ছি, এ অভিযোগ অসত্য।’গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসছে, এ ঘটনা আমার জানা নেই। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেব।’