স্কুলের মাঠে রাস্তার খোয়া-বালুর স্তূপ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছয় মাস ধরে রাস্তার কাজের খোয়া ও বালু স্তূপ করে রাখা হয়েছে। এর ফলে খেলাধুলা ও চলাচল করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিপালী রানী সরকার বলেন, ‘ঠিকাদার বলেছিলেন সপ্তাহ খানেকের মধ্যে এসব মালামাল সরিয়ে নেবেন। তখন বিদ্যালয়ও বন্ধ ছিল। এলাকায় পাকা রাস্তা হবে, ঠিকমতো চলাচল করতে পারব—এই ভেবে রাখতে দিই। কিন্তু পাঁচ-ছয় মাস হয়ে যাওয়ার পরও এসব তিনি সরিয়ে নিচ্ছেন না।’
প্রধান শিক্ষকের কার্যালয় সূত্র জানায়, ১৯৭০ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৮৯ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ে পাসের হার শতভাগ। ২০১৫ সালের সমাপনী পরীক্ষায় ছয়জন জিপিএ-৫ পায়। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৬৫ শতক। এর অনেকখানি জায়গাজুড়ে বালু ও খোয়া রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা করতে সমস্যা হচ্ছে। প্রায়ই শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে আঘাত পায়। খালি পায়ে শিক্ষার্থীদের চলাচল করতেও সমস্যা হয়।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উৎস রায় জানায়, প্রায়ই পড়ে গিয়ে অনেকে আহত হয়। পা কেটে রক্ত বের হয়। মাঠ থেকে এসব মালামাল সরিয়ে নিলে ভালো হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী জাহিদ শেখ, রাতুল শেখ, প্রণয় সরকারসহ কয়েকজন বলে, মাঠে ফুটবল খেলা যায় না। বাতাস হলে বালু ওড়ে।
গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, পাকা রাস্তার পাশে সীমান্তপ্রাচীরের ভেতর বিদ্যালয়ের মাঠ। মাঠের অনেকখানি জুড়ে স্তূপ করে খোয়া ও বালু রাখা।
ঠিকাদার আরিফুল রহমান বলেন, এক সপ্তাহের কথা বলে মালামাল রাখার বিষয়টি সত্য। তবে কিছু সমস্যার কারণে কাজ শুরু করা যায়নি। কাজ শুরু হলেই খোয়া ও বালু ব্যবহার করা হবে। তখন এগুলো থাকবে না।
বালিয়াকান্দির ইউএনও এইচ এম রাকিব হায়দার বলেন, ‘বিদ্যালয় মাঠে ঠিকাদারের নির্মাণসামগ্রী রাখার বিষয়টি জানি না। প্রধান শিক্ষক বা অন্য কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’