স্কুলের মাঠে শুকানো হয় ইট
বিদ্যালয়ের মাঠে খেলাধুলা হয় না। ক্লাস শুরুর আগে হয় না অ্যাসেম্বলিও। তাই লেখাপড়ার পাশাপাশি চিত্তবিনোদনের সুযোগ নেই শিক্ষার্থীদের। এসবের বদলে এখানে শুকানো হচ্ছে ইট। মাঠটি একটি ইটভাটার মালিকের কাছে ইজারা দেওয়ায় আড়াই বছর ধরে চলছে এ অব্যবস্থাপনা। গত বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নে কাদিরাবাদ উচ্চবিদ্যালয়ে গিয়ে এ করুণ দৃশ্য দেখা যায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ডিসেম্বর মাসে কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠটি ৭০ হাজার টাকায় তিন বছরের জন্য ইজারা দেয় এমএবি নামের একটি ইটভাটাকে। মাঠের আয়তন প্রায় তিন একর। এই বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক আছেন।সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে কয়েক সারিতে কাঁচা ইট সাজিয়ে রাখা হয়েছে। এগুলো রোদে শুকানো হচ্ছে। ইট শুকানোর পাশাপাশি এখানে চলছে নানা ধরনের কাজ। এ কারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। এলাকাবাসীও পারছে না মাঠটি ব্যবহার করতে।দশম শ্রেণীর শিক্ষার্থী আনোয়ার হোসেন বলে, ‘বিদ্যালয়ের এত বড় একটি মাঠ থাকতে আমরা খেলাধুলা করতে পারি না।’ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রফিকুল ইসলাম বলে, ‘টিফিনের সময় ইচ্ছে থাকলেও খেলাধুলা করতে পারি না।’বিদ্যালয়ের পাশের গ্রাম কুমোরসইয়ের বাসিন্দা কৃষক আবদুল হাকিম বলেন, ‘ছোটবেলা থাকি দেখছি, এই মাঠোত ছাওয়ালরা খেলায়। কিন্তু ইটভাটার কাজ হওয়ায় তা বন্ধ হয়া গেইছে।’প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ের আয়ের জন্য এই মাঠটি ইজারা দেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে ইটভাটার মালিক ইট শুকানোর কাজ করবেন, তা তিনি আমাকে জানাননি।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, ইজারা নেওয়ার সময় ভাটার মালিক এখানে ইট শুকানোর কথা বলেননি। কিছুদিন পর তিনি ইট শুকানোর কাজ শুরু করেন। আর কয়েক মাস পরেই ইজারার মেয়াদ শেষ হবে।ইটভাটার মালিক শহিদুল ইসলাম বলেন, ইজারা নেওয়ার সময় মাঠে ইট শুকানোর কথা ছিল না। খালি পড়ে থাকায় এখানে ইট শুকানো হচ্ছে। এতে দোষের কিছু নেই।