স্কুলের মাঠে স্থাপিত চুলার আগুনে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস মাঠেরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থাপিত চুলার আগুনে পুড়ে গত মঙ্গলবার সকালে প্রাণ হারিয়েছে প্রথম শ্রেণীর ছাত্র সাকিবুর রহমান (৬)। শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ডুমুরিয়া-বানিয়াখালী সড়ক মেরামতের জন্য সাহস মাঠেরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঠিকাদারেরা একাধিক চুলা স্থাপন করে পিচ (বিটুমিন) জ্বালানোর কাজ করছেন। আর সেখানকার ছাই ও আগুন মাঠে স্তূপ করে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে স্কুলে আসা শিক্ষার্থীরা প্রতিদিনের মতো দৌড়াদৌড়ি করতে থাকে। একসময় বাগদাড়ি গ্রামের কবির মোড়লের ছেলে সাকিবুর রহমান দৌড়ে মাঠে থাকা একটি ছাইয়ের স্তূপে পড়ে যায়। ওই স্তূপের ওপরে ছাই থাকলেও ভেতরে ছিল আগুন। আর সেই আগুনে সাকিবুরের সারা শরীর পুড়ে যায়।সহপাঠীরা বিষয়টি শিক্ষকদের জানালে তাঁরা সাকিবুরকে উদ্ধার করে কলার পাতায় মুড়িয়ে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় সাকিবুর মারা যায়। বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরা আকতার বলেন, স্কুল মাঠে মালামাল না রাখতে ঠিকাদারদের বলা হয়েছিল। কিন্তু তাঁরা বেড়া দেওয়া কথা বলে কাজ করছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অনিরুদ্ধ সরদার বলেন, শিশুটির শরীরের ৯৮ শতাংশই পুড়ে গিয়েছিল। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।