স্কুলের লোগোর জায়গায় 'নায়িকা'
বিদ্যালয়ের ওয়েবসাইট আছে, তবে কাজের তথ্য নেই। আবার লোগোর জায়গায় লোগো নেই, আছে ভারতীয় নায়িকার ছবি। ওয়েবসাইটটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের।
বোর্ড সূত্রে জানা যায়, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তার অধীন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য প্রায় তিন বছর আগে ওয়েবপোর্টাল নির্মাণের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে। এতে কারিগরি সহযোগিতা দেয় সেফরন করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পোর্টালে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের নামের বাঁ দিকে লোগোর জায়গায় বলিউডের নায়িকা ইলিয়ানা ডি’ক্রুজের ছবি। পোর্টালটিতে বিদ্যালয়ের জনবল ও ছাত্রছাত্রীর সংখ্যার উল্লেখ আছে। এর বাইরে আর কিছুই নেই। অথচ সেখানে বিদ্যালয়ের ইতিহাস, প্রধান শিক্ষকের বাণী, পরিচালনা কমিটি, সম্পদ, দৈনন্দিন কার্যাবলি, ছাত্রছাত্রীর পরীক্ষার রেকর্ড, বিদ্যালয়ের ও বোর্ডের পরীক্ষার ফলাফল, ছবি, যোগাযোগের ঠিকানা ইত্যাদি থাকার কথা।
ওয়েবপোর্টালে নায়িকার ছবি ব্যবহারের কথা শুনে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বিস্ময় প্রকাশ করেন। এ জন্য তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তথ্যপ্রযুক্তিবিষয়ক শিক্ষকের খামখেয়ালিপনাকে দায়ী করেন।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলীম মুঠোফোনে বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেন। আর বোর্ডের স্কুল পরিদর্শক আহসান হাবীব ভাংবাড়িয়া বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের রুচি নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি এ ঘটনার নিন্দা জানান।
এদিকে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা জানতে এই প্রতিবেদক গতকাল অন্তত ২০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের পোর্টালে যান। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের পোর্টালে নিজস্ব লোগো আছে। বাকি ছয়টিতে শিক্ষা বোর্ডের লোগো ব্যবহার করা হয়েছে।
ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পোর্টালে লোগোর পরিবর্তে কেন নায়িকার ছবি, জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, প্রায় তিন বছর আগে পোর্টালটি তৈরি করা হয়। তখন থেকেই লোগোর জায়গায় নায়িকার ছবি রয়েছে। এ ব্যাপারে তাঁর কাছে কেউ কখনো কোনো আপত্তি তোলেননি। তিনি বলেন, ‘যদি সমস্যা মনে করেন, তাহলে ছুটি শেষে বিদ্যালয় খুললে স্কুলের লোগো বসানো হবে।’
কার সিদ্ধান্তে, কে নায়িকার ছবি বসিয়েছেন, জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, কম্পিউটার (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) শিক্ষক ইয়াসমিন আরা সেটা বলতে পারবেন। পরক্ষণেই তিনি বলেন, ইয়াসমিন আরা সেভাবে কম্পিউটারের কাজ বোঝেন না। বাইরের দোকান থেকে পোর্টালের তথ্য হালনাগাদ করা হয়। সম্ভবত সেখান থেকে নায়িকার ছবি সংযোজন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে শিক্ষক ইয়াসমিন আরার মুঠোফোন নম্বরে গতকাল বিকেলে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।