স্কুলের শতবর্ষ উদ্যাপিত হলো না ছাত্রলীগের কারণে!
পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। জেলা ছাত্রলীগ বিদ্যালয় মাঠে শোকরানা সভা ডাকায় প্রশাসন সেখানে শুক্রবার ১৪৪ ধারা জারি করলে এ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। গতকাল শুক্রবার ও আজ শনিবার বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ গতকাল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়ালকে শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় তিনি পরিকল্পিতভাবে ছাত্রলীগকে দিয়ে শোকরানা সভার আয়োজন করে প্রশাসনকে প্রভাবিত করে ১৪৪ ধারা জারি করিয়েছেন। গতকাল জিয়াউদ্দিন আহমেদ তাঁর পাড়েরহাট সড়কের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তবে সাংসদ আউয়াল এ অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে জিয়াউদ্দিন বলেন, ‘শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান করার জন্য আমরা দীর্ঘদিন থেকে প্রচার চালিয়ে আসছিলাম। প্রশাসন থেকে এ জন্য অনুমতিও নিয়েছি। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জেলা ছাত্রলীগ হঠাত্ করে বিদ্যালয় মাঠে শুক্রবার শোকরানা সভা করার ঘোষণা দেয় বৃহস্পতিবার। সাংসদ এ কে এম এ আউয়ালকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় তিনিই ছাত্রলীগকে দিয়ে এই কর্মসূচি দিয়েছেন। সংবাদ সম্মেলনে সাবেক পৌর মেয়র লিয়াকত আলী শেখ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি ইরতিজা হাসান বলেন, ‘আমরা প্রশাসনের কাছ থেকে মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছি। এ জন্য সেখানে সভা ডেকেছি।’ সাংসদ এ কে এম এ আউয়াল তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ আছে, অনুষ্ঠান তো তারা করবে। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লোক আমার বিরুদ্ধে এ অভিযোগ করতেই পারে।’ ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।