স্কুলের শিক্ষকে চলছে কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজিয়েট স্কুলে উচ্চমাধ্যমিক শ্রেণি খোলা হয়েছে পাঁচ বছর আগে। এরপর এর নামকরণ করা হয় রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। উচ্চমাধ্যমিক শ্রেণির জন্য তৈরি করা হয়েছে ভবন। ভর্তি করা হয়েছে শিক্ষার্থী। কিন্তু দেওয়া হয়নি কোনো শিক্ষক। স্কুলের শিক্ষক দিয়েই চলছে কলেজের পাঠদান।
কলেজ থেকে জানা যায়, ক্রমবর্ধমান ভর্তি-সংকট মোকাবিলায় দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে সরকারি বালক এবং একটি করে বালিকা বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে দেশের খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক শ্রেণি খোলা হয়।
কলেজ শাখা খোলার জন্য ২০০৮ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কলেজিয়েট স্কুলের আঙিনায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ভবন নির্মাণ করে। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ১১০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে এই দুই বিভাগে ২৪০ জন শিক্ষার্থী রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজ শাখার এই শিক্ষার্থীদের পাঠদানের জন্য এখন পর্যন্ত কোনো শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। কোনো কর্মচারীও নিয়োগ দেওয়া হয়নি। গবেষণাগারে বাড়তি যন্ত্রপাতি ও পাঠাগারে বই সরবরাহ করা হয়নি।
কলেজ থেকে জানা যায়, বিদ্যালয় শাখায় এক হাজার ৭০০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের কার্যক্রম চালাতে গিয়ে শিক্ষকেরা হিমশিম খাচ্ছেন। তার মধ্যে কলেজ শাখা সামলাতে গিয়ে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে বিদ্যালয় শাখায় অফিস সহকারীর পদ চারটি। কিন্তু আছেন মাত্র একজন। কলেজ শাখায় কেউ নেই। এই অবস্থায় প্রতিদিন দাপ্তরিক কাজ জমে যাচ্ছে।
কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাদেকুজ্জামান জানায়, বিদ্যালয়ের শিক্ষকেরাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্লাস নিচ্ছেন। কলেজের কোনো শিক্ষকের দেখা তারা পায়নি।
কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র রবিউল ইসলাম জানায়, একজন শিক্ষককে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস নিতে হয়। কলেজ শাখায় শিক্ষক থাকলে তাঁরা নিশ্চয়ই আরও বেশি মনোযোগী হতে পারতেন।
অধ্যক্ষ নূরজাহান বেগম বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন তাঁর কাছে মতামত চাওয়া হয়, তখন তিনি বলেছেন শিক্ষক-কর্মচারীসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে উচ্চমাধ্যমিক শ্রেণি খোলা যেতে পারে। কিন্তু পাঁচ বছর পার হয়ে গেল, শিক্ষক-কর্মচারী কিছুই নেই।
অধ্যক্ষ বলেন, কলেজের শিক্ষার্থীরা স্কুলের পাঠাগারে বসছে। কিন্তু সেখানে কলেজ পর্যায়ের কোনো বই নেই। বিদ্যালয়ের বিজ্ঞানাগারে চলছে কলেজের শিক্ষার্থীদের কাজ। এতে ভীষণ অসুবিধা হচ্ছে।
অধ্যক্ষ বলেন, কলেজের শিক্ষক-কর্মচারীর জন্য তিনি বারবার শিক্ষা মন্ত্রণালয়ে লিখেছেন। কিন্তু শিক্ষক দেওয়া হচ্ছে না। তিনি জানান, এই সংকটের কারণে বরিশাল ও খুলনায় দুটি বিদ্যালয়ের কলেজ শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু রাজশাহীর শিক্ষার চাহিদার দিকে তাকিয়ে তিনি কলেজ শাখাটি বন্ধ করতে পারছেন না।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ মিঞা বলেন, সরাসরি শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করছে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কিছু করার এখতিয়ার নেই। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এর সুরাহা করবেন।