স্কুলের সামনে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা শিক্ষার্থীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের ফুলপুর উপজেলার তারাকান্দা উচ্চবিদ্যালয় ও তারাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের ফটকের সামনে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, বাস, টেম্পো ও ভটভটি থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। এ ছাড়া গাড়ির ভেঁপুর শব্দে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে।তারাকান্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, বর্তমানে প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে মোট এক হাজার ৮৫০ ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা আর ভেঁপু বাজানোয় পড়ালেখার পরিবেশ দারুণভাবে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, একটার পর একটা গাড়ি এসে থামছে। যাত্রীরা ওঠানামা করছে। কোনো কোনো গাড়ির চালক ভেঁপু বাজাচ্ছেন। কোলাহল ও হইচই লেগেই আছে। ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শিল্পী আক্তার, শারমিন জাহান, শিউলি আক্তার ও অষ্টম শ্রেণীর ছাত্র তৌহিদসহ কয়েকজন জানায়, রাস্তা পারাপারের সময় তাদের খুব ভয় লাগে। তারা আতঙ্কে থাকে। গাড়ির শব্দে পড়া ঠিকভাবে শোনা ও বোঝা যায় না।তারাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলী বলেন, ‘বাস মালিক সমিতি, থানার পুলিশ ও শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।’তারাকান্দা থানার অটো টেম্পো শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ভাবছি, দেখি কী করা যায়।’তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার জানান, বিদ্যালয় ফটকের সামনে যাতে যানবাহন থামানো না হয় এবং জোরে ভেঁপু বাজানো না হয় সে জন্য চালকদের বলা হয়েছে। এখানে যাতে যাত্রী ওঠানামা না করানো হয়, সে ব্যাপারে একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে বিদ্যালয় শুরু ও ছুটির সময় সেখানে দুজন পুলিশ সদস্য থাকবেন।