স্কুলের সামনেই গেল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সামিনা তাসনিম (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন সামিনার বাবা আবু নাঈম। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সামিনা ওই এলাকার চিটাগং পুলিশ লাইন ইনস্টিটিউশনের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। নগরের চৌমুহনী এলাকার ব্যবসায়ী আবু নাঈমের তিন মেয়ের মধ্যে সবার ছোট ছিল সামিনা।
সামিনার আত্মীয়স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির পর সামিনাকে নিয়ে মোটরসাইকেলে করে নগরের চৌমুহনী এলাকায় অবস্থিত নিজের বাড়িতে ফিরছিলেন বাবা আবু নাঈম। কিন্তু বিদ্যালয় থেকে মাত্র ১০০ গজ দূর অতিক্রম করার পর আবু নাঈমের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তাঁরা। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিনাকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু নাঈমকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিনার।
হাসপাতালের জরুরি বিভাগে বিলাপ করতে করতে সামিনার মা সাবেরা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আজকে (রোববার) সকালে বাচ্চাকে স্কুলে পাঠিয়েছি। বেলা সাড়ে ১১টায় স্কুল ছুটির পর বাবা-মেয়ে চলে আসে। ওর আব্বু খুব সাবধানে মোটরসাইকেল চালান। কিন্তু এত বড় বিপদ কী করে এল, আল্লাহ? আমার মেয়েকে আমি এখন কই পাব?’
চিটাগং পুলিশ ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক সিত্তুল মুনা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের সামনেই। সামিনার মৃত্যুতে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
চকবাজার থানার উপপরিদর্শক কাজী এনাম জানান, পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই সামিনার মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।