স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে গাছ কেটে উঠছে দোকান

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া মহল্লায় অবস্থিত কাজীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে বিদ্যালয়ের জায়গায় গড়ে তোলা হচ্ছে দোকানঘর। কেটে ফেলা হয়েছে বিদ্যালয়ের ১৩টি গাছ। এ ব্যাপারে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। বিদ্যালয়টির জমিতে নির্মাণ করা হচ্ছে একটি দোকানঘর। ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩টি মেহগনি ও রেইনট্রিগাছ কেটে বিক্রি করে দিয়েছে। গাছগুলোর বয়স ছিল ১০ থেকে ১৫ বছর। এক মাংস বিক্রেতার কাছ থেকে ঘুষ নিয়ে তাঁকে বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ করে দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, কাজীপাড়া মহল্লায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৪৭ সালে স্থাপিত হয়। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের জায়গায় মাংসের দোকান হলে এখানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। রক্ত ও বর্জ্যের দুর্গন্ধে শিক্ষাঙ্গনটি অস্বাস্থ্যকর হয়ে উঠবে। ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্য-ঝুঁকিতে পড়বে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈয়েদা আখতার বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একজন আয়া ও দপ্তরি কর্মরত আছেন। তাঁদের সরকারিভাবে বেতন দেওয়া হয় না। বিদ্যালয় পরিচালনা কমিটি ওই দুই কর্মচারীর বেতনের ব্যবস্থা করতেই ২ নভেম্বর সভা করে দোকান নির্মাণ ও গাছ কাটার সিদ্ধান্ত নেয়। তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী ওপর থেকে আমরা ওই কাজের অনুমোদন পাইনি।’
প্রধান শিক্ষক জানান, তিনি ছুটিতে ছিলেন। এই সুযোগে কমিটি গত শুক্রবার থেকে দোকান নির্মাণ ও গাছ কাটার কাজটি করেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। কাজ বন্ধ রাখার নির্দেশ পাওয়ার পর তিনি দোকান নির্মাণকাজ বন্ধ রাখার পরামর্শ দেন।
তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ ইফতেখার ফিরোজ বলেন, ‘ওই বিদ্যালয়ের গাছ কাটা ও স্থাপনা নির্মাণের বিষয়টি আমাকে কেউ জানায়নি। সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের কাজ করা বিধিসম্মত নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
দোকান নির্মাণের কথা স্বীকার করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল লতিফ বলেন, বিদ্যালয়ে আয় বাড়াতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাছ কাটা প্রসঙ্গে তিনি বলেন, গাছ নয় আগাছা কাটা হয়েছে। ওই স্থানে ফুলের বাগান করা হবে। এ ব্যাপারে ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’