স্কুলের সীমানায় দোকানঘর নির্মাণের সত্যতা মিলেছে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে ও ১৩টি গাছ কেটে বিদ্যালয়ের জায়গায় দোকানঘর নির্মাণের সত্যতা মিলেছে। সৈয়দপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গতকাল রোববার সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পান।
গতকাল প্রথম আলোয় ‘স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে গাছ কেটে উঠছে দোকান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই প্রতিবেদনের পর সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত করতে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেন। মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়ে তদন্ত করে এর সত্যতা পান।
শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈয়েদা আখতারকে নির্দেশ দেন। সাঈয়েদা আখতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে গতকালই থানায় একটি লিখিত দেন।
সৈয়দপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহানা বেগম জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। গতকাল থেকে বিদ্যালয়ের জায়গায় দোকানঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।