বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) পরিচালনা পর্ষদে সাংসদদের সভাপতি মনোনীত হওয়ার ও বিশেষ কমিটি গঠনের বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে। ফলে বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদদের সভাপতি মনোনীত হওয়ার সুযোগ থাকছে না।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার এ আদেশ দেন।
রিট আবেদনকারীর আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল খারিজ হওয়ায় সংসদ সদস্যদের সভাপতি মনোনীত হওয়া ও বিশেষ কমিটি গঠনের বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদেরা সভাপতি মনোনীত হওয়ার সুযোগ পাচ্ছেন না।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ পরিচালনার জন্য বিশেষ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট রুল দিয়েছিলেন। এরপর ২০০৯ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৫ ও ৫০ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে সম্পূরক আবেদন করে রিট আবেদনকারীপক্ষ। প্রবিধানমালার বিধান ৫-এ গভর্নিং বডির সভাপতি মনোনয়ন বিষয়ে ও বিধান ৫০-এ বিশেষ ধরনের গভর্নিং বা ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে বলা আছে। চূড়ান্ত শুনানি শেষে গত ১ জুন কয়েক দফা নির্দেশনা, পর্যবেক্ষণসহ হাইকোর্ট রায় দেন।