হোটেল রেইনট্রি কর্তৃপক্ষ এখন বলছে, ২৮ মার্চ তাদের স্ক্যানার মেশিনটি চালু ছিল না। তাই কেউ লুকিয়ে কিছু নিয়ে গেছে কি না, সে বিষয়ে তারা জানে না।
আজ সকালে রেইনট্রির এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেটর ফারজান আরা রিমি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তাঁর কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ২৮ মার্চ অস্ত্র, মদসহ কেউ হোটেলে ঢুকেছিলেন কি না।
রেইনট্রিতে বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের ঘটনায় বনানী থানায় মামলা হয়। মামলার বাদী বলেন, প্রধান আসামি শাফাত আহমেদ তাঁদের বন্ধু শাহরিয়ারের মাথায় গুলি ঠেকিয়ে তাঁর কাছ থেকে গাড়ি চাবি কেড়ে নেন। তারপর হোটেল কক্ষে আটকে রেখে শাফাত ও তাঁর বন্ধু নাঈম আশরাফ উপর্যুপরি ধর্ষণ করেন। তাঁরা চিৎকার করলেও হোটেলের কেউ তাঁদের সাহায্য করার জন্য এগিয়ে আসেননি।
ফারজান আরা বলেন, হোটেলটি আনুষ্ঠানিকভাবে চালু হয় ৯ এপ্রিল। এর আগে তাঁরা পরীক্ষামূলকভাবে হোটেলের কার্যক্রম চালাচ্ছিলেন। হোটেলটিতে বারের লাইসেন্স নেই। তাই ভেতরে মদের কেনাবেচাও নেই। তবে কেউ লুকিয়ে নিয়ে গেছে কি না, তা তাঁরা জানেন না। কারণ তাঁদের স্ক্যানারটি কানেকটেড ছিল না।
ফারজান আরা দাবি করেন, শাফাতের দেহরক্ষী আবুল কালাম আজাদ অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করেননি। তিনি ফ্রন্ট ডেস্কে অস্ত্র রেখে গেছেন। অস্ত্র রেখে যাওয়ার সময় কী বলেছেন, তাঁদের অস্ত্র জমা রাখার নিয়ম কী, সে সম্পর্কে প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গেছেন।
বাদীর অভিযোগ, তাঁরা কান্নাকাটি করলেও হোটেলের কেউ শুনতে পায়নি। এ বিষয়ে জানতে চাইলে ফারজান আরা বলেন, হোটেল কক্ষ সাউন্ডপ্রুফ। কক্ষের ভেতরে কিছু ঘটলেও বাইরে থেকে শোনার সুযোগ নেই।