প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিবিসি স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকে দ্য সিটি অব টোকিও নামের স্ক্র্যাপ জাহাজটির ইঞ্জিনকক্ষে কাজ করছিলেন শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে অক্সিএসিটিলিন শিখার সাহায্যে লোহারপাত কাটার সময় আগুনের ফুলকি বর্জ্য তেলে পড়ে আগুন ধরে যায়। এতে বর্জ্য তেল ও কিছু যন্ত্রপাতি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।