স্ক্র্যাপ দাবি করে গাড়ির যন্ত্রাংশ আমদানি!
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণার মাধ্যমে আনা মোটরগাড়ির দুই ট্রাক ‘লিপ স্প্রিং’ জব্দ করা হয়েছে। এই স্থলবন্দর দিয়ে মোটরগাড়ির যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ বলে জানা গেছে। কাস্টমের রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি তদন্তদল শনিবার বিকেলে সেগুলো শনাক্ত করে।এর আগে গত বৃহস্পতিবার এসব যন্ত্রাংশ বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ‘স্ক্র্যাপ’ বলে ছাড় দিয়েছিল। কিন্তু পরে তা স্থানীয় জনতা জব্দ করে পুলিশকে জানালে আবারও ট্রাক দুটি কাস্টমের কাছে জমা রাখা হয়।বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাথী অ্যান্ড শিপিং ট্রেডার্সের মাধ্যমে বগুড়ার রাফি ফাউন্ড্রির দুটি ট্রাকে ২০ টন ব্যবহূত লৌহজাত দ্রব্য স্ক্র্যাপ আমদানি করার ঘোষণা দেয়। এগুলো রপ্তানি করে ভারতের চ্যাংরাবান্ধার রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘উত্তম অ্যান্ড ব্রাদার্স’। গত বৃহস্পতিবার ওই দুটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরে প্রবেশের পর আমদানিকারক প্রতিষ্ঠান ও স্থলবন্দর কর্তৃপক্ষের যোগসাজশে সব আনুষ্ঠানিকতা শেষ করে তা বাইরে নিয়ে আসা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ট্রাক দুটি আটক করে পুলিশের মাধ্যমে বুড়িমারী কাস্টম কর্তৃপক্ষকে জানায়। কাস্টমের তদন্তদল সরেজমিনে তদন্তের সময় দেখতে পায়, আটক দুই ট্রাকে স্ক্র্যাপের পরিবর্তে ছিল মোটরগাড়ির যন্ত্রাংশ ‘লিপ স্প্রিং’। দুটি ট্রাকের এই যন্ত্রাংশের পরিমাণ ৬০ টন, যার বাজারমূল্য ৯১ লাখ ৯৬ হাজার ৭৪০ টাকা এবং করের পরিমাণ প্রায় ৮২ লাখ ৭৭ হাজার টাকা।তদন্তদলের প্রধান কাস্টম সুপার আশরাফুল আলম বলেন, পুরো তদন্তের শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।