স্ক্র্যাপের ঘোষণা দিয়ে ব্যবহূত মোটরগাড়ির যন্ত্রাংশ আমদানি!
দুবাই থেকে ১০টি কনটেইনারে স্ক্র্যাপ (পুরোনো লোহা) আমদানির ঘোষণা দিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি ডিপোতে তিনটি কনটেইনার খুলে পাওয়া গেছে পুরোনো এবং ব্যবহূত মোটরগাড়ির যন্ত্রাংশ। চট্টগ্রামের ভাটিয়ারীর এসএসএল স্টিল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এসব যন্ত্রাংশ আমদানি করেছে বলে জানা গেছে।কাস্টম হাউসের আমদানি গোয়েন্দা বিভাগ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ একটি দল গতকাল তিনটি কনটেইনার খুলে সরেজমিন যাচাই-বাছাই করে। তাঁরা জানান, পর্যায়ক্রমে আরও সাতটি কনটেইনার খুলে যাচাই-বাছাই করা হবে। কাস্টম হাউস সূত্র জানায়, দুবাই থেকে ৫৮ লাখ টাকা মূল্যের ২১৮ মেট্রিক টন স্ক্র্যাপ আমদানির ঘোষণা দেয় ভাটিয়ারীর এসএসএল স্টিল লিমিটেড। গত ৮ জুন ১০ কনটেইনারে রাখা এসব পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এসব পণ্য রাখা হয় বেসরকারি কনটেইনার ডিপো চিটাগাং কনটেইনার ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেড-সিসিটিসিএলে। জানা গেছে, স্ক্র্যাপের শুল্ক টনপ্রতি এক হাজার ৫০০ টাকা। তিনটি কনটেইনার খুলে যেসব পুরোনো ও ব্যবহূত মোটরগাড়ির যন্ত্রাংশ পাওয়া গেছে, সেগুলো শর্তসাপেক্ষে আমদানিযোগ্য। এগুলোর শুল্ক ৬৫ শতাংশ। পুরো ১০ কনটেইনার পণ্য খুলে যাচাই-বাছাইয়ের পর শুল্ক ফাঁকির বিষয়টি হিসাব করা যাবে।গতকাল সরেজমিন পরীক্ষার সময় আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট কে এন এন্টারপ্রাইজের মো. আজাদ সাংবাদিকদের কাছে দাবি করেন, পুরোনো গাড়ির স্ক্র্যাপ হিসেবে এসব পণ্য আমদানি করা হয়েছে। আমদানিকারককে হয়রানি করতে কেউ গোপন সংবাদ দিয়ে শুল্ক কর্মকর্তাদের বিভ্রান্ত করছে।