স্ক্র্যাপের বদলে এল খালি কনটেইনার!
আমদানির কাগজপত্র অনুযায়ী, স্পেন থেকে ছয়টি কনটেইনারে ১৩৯ টন বাতিল লোহা (স্ক্র্যাপ) আমদানি করার কথা। কিন্তু গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কাস্টম হাউসের কর্মকর্তারা চারটি কনটেইনার খুলে দেখেন, সেগুলোর ভেতরে কিছুই নেই।জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএল স্টিল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বাতিল লোহা আমদানির ঘোষণা দেয়। কাগজপত্রে ছয়টি কনটেইনারে ৬৬ হাজার ১৭৬ ডলার মূল্যমানের ১৩৯ টন স্ক্র্যাপ রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার জুয়েল আহমেদ প্রথম আলোকে বলেন, চারটি কনটেইনার খুলে খালি পাওয়া গেছে। বাকি দুটি কনটেইনার রোববার খুলে দেখা হবে। এরপর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে পণ্যভর্তি কনটেইনারের বদলে খালি কনটেইনার বন্দরে পাঠানো হলো, তা শনাক্ত করা যায়নি। তবে রপ্তানিকারক প্রতারণা করে খালি কনটেইনার পাঠাতে পারে অথবা মুদ্রা পাচার করার কৌশল হিসেবে খালি কনটেইনার আনা হতে পারে বলে ধারণা করছেন কাস্টম হাউসের কর্মকর্তারা।