হাসপাতাল ছাড়ছেন খাদিজা, এবার নেবেন ফিজিওথেরাপি
বখাটের চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী খাদিজা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই স্কয়ার হাসপাতাল থেকে আজ-কালের মধ্যে ছাড়পত্র পাচ্ছেন তিনি। এখন তাঁকে ফিজিওথেরাপি দিতে সিআরপি বা অন্য কোথাও পাঠানো হতে পারে।
আজ শনিবার সকালে স্কয়ার হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ডা. মির্জা নাজিমউদ্দিন এ কথা জানান। তিনি বলেন, খাদিজার অবস্থা এখন ভালো। এ কারণে তাঁকে আর এখানে (স্কয়ার হাসপাতাল) রাখার দরকার নেই। খাদিজার বাম পাশটা এখনো অবশ হয়ে আছে। এ কারণে ফিজিওথেরাপি দরকার। ভালো কোথাও এই থেরাপি নিতে হবে।
৩ অক্টোবর সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে আহত হন খাদিজা। প্রথমে তাঁকে সিলেটের ওসমানি হাসপাতালে নেওয়া হয়। পরদিনই তাঁকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে।
সংবাদ সম্মেলনের স্থলে হুইল চেয়ারে করে আসেন খাদিজা। তাঁর বা হাতে ব্যান্ডেজ ছিল। সেখানে তিনি বলেন, ‘আমি ভালো আছি। আমি দেশের মানুষ ও গণমাধ্যমের কাছে কৃতজ্ঞ।’
নাজিমউদ্দিন বলেন, খাদিজা এখন নিজে খেতে পারে। লেখা পড়তে পারে। ধরে ধরে নিজে হাঁটতে পারে। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খাদিজার নিউরোলজিক্যাল ও জেনারেল কন্ডিশন ভালো। এখন খাদিজার ভালো কোথাও ফিজিওথেরাপি দিতে হবে। সার্বিক ভাবে বললে খাদিজা এখন ভালো আছে।
সংবাদ সম্মেলনে খাদিজার চিকিৎসার নানা দিক তুলে ধরা হয়েছে। বলা হয়, ৩ অক্টোবর খাদিজা আহত হন। এর পরদিন তাঁকে অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে আনা হয়। তখন খাদিজার বাঁচার সম্ভাবনা ক্ষীণ ছিল। তখনই জরুরি চিকিৎসা হিসেবে তাঁকে লাইফ সাপোর্টে আইসিইউতে রাখা হয়। তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয়। তাতে দেখা যায় খাদিজার মাথার খুলি থেঁতলে গেছে।
এ অবস্থায় তাঁর অপারেশন হয়। ১৭ অক্টোবর অবস্থার কিছুটা উন্নতি হলে খাদিজার বা হাতে অপারেশন করা হয়। তাঁর গলায় ছিদ্র করে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। তখন অবস্থা সংকটাপন্ন থাকায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। ১৯ অক্টোবর গলার ছিদ্র বন্ধ করে খাদিজাকে তরল খাবার দেওয়া হয়। ৭ নভেম্বর আরেকটি অপারেশন করে মস্তিস্তের হাড় পুন:স্থাপন করা হয়। এ সময় বাম হাতেও অস্ত্রোপচার করা হয়। ৮ নভেম্বর খাদিজাকে কেবিনে আনা হয়।
সংবাদ সম্মেলন হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার ও মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পরে খাদিজার বাবা মাশুক মিয়া প্রথম আলোকে বলেন, খাদিজাকে উন্নত ফিজিওথেরাপি দিতে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন। কাল হয়তো এই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সিআরপি বা অন্য কোথাও ফিজিওথেরাপি দেওয়া হবে।