মাত্রাতিরিক্ত শব্দদূষণ ঘটিয়ে স্থানীয় বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টিসহ জনদুর্ভোগ ঘটানোর অভিযোগে স্কয়ার হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাজধানীর পান্থপথে অবস্থিত এ হাসপাতালে আকস্মিক অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষকে সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরে ডেকে এনে শব্দদূষণ ঘটানোর জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী, হাসপাতালের ১০০ বর্গমিটার নীরব এলাকা ঘোষণা করে গাড়ির হর্ন বাজানোসহ উচ্চশব্দ সৃষ্টি নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তদন্তে হাসপাতালের জেনারেটরের শব্দমাত্রা গত সোমবার রাতে পাওয়া যায় যথাক্রমে ৭৩ ডেসিবেল। পরিবেশ আইনে হাসপাতাল একটি নীরব এলাকা, যেখানে রাত্রিকালীন শব্দের আদর্শ মাত্রা ৩৫ ডেসিবেল। পরিবেশ অধিদপ্তরের তদন্তে দেখা গেছে, স্কয়ার হাসপাতালের জেনারেটরটি এক হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন, যা মারাত্মক শব্দ সৃষ্টিকারী হওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ দূষণ প্রশমনে ব্যবস্থা নেয়নি। প্রতিষ্ঠানের পক্ষে মহাব্যবস্থাপক ইউসুফ আলী প্রধান শুনানিতে হাজির হয়ে শব্দদূষণের অভিযোগ স্বীকার করেন।এ ব্যাপারে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।