স্কয়ারের ওষুধের প্ল্যান্ট পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় গতকাল রোববার সকালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অত্যাধুনিক ওষুধ প্রস্তুতকারী প্ল্যান্ট পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, স্কয়ার বর্তমানে আমেরিকাসহ বিভিন্ন দেশে তাদের তৈরি ওষুধ রপ্তানি করছে। সেসব দেশেও তাদের তৈরি ওষুধের মান প্রশংসিত হয়েছে। তিনি বলেন, দেশের ওষুধশিল্পের বিকাশে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব রকমের সহযোগিতা করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
মন্ত্রী কারখানায় পৌঁছালে তাঁকেসহ অন্য অতিথিদের অভ্যর্থনা জানান তপন চৌধুরী। এ সময় অত্যাধুনিক প্ল্যান্টের সামগ্রিক উৎপাদন ও মান নিয়ন্ত্রণব্যবস্থা সম্পর্কে অতিথিদের অবহিত করেন তপন চৌধুরী। স্বাস্থ্যমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে দেশের ওষুধশিল্প বিকাশে সরকারি সহায়তা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তপন চৌধুরী।