স্কয়ারের কারখানা পরিদর্শন করলেন মার্শা বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেছেন।
সকালে কারখানায় পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (অপারেশনস) মিজানুর রহমান, পরিচালক (টেকনিক্যাল অপারেশন) নওয়াবুর রহমান ও মানবসম্পদ বিভাগের জেষ্ঠ ব্যবস্থাপক রাজীব রানা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার ক্যাথেরিন সিগ্রেইভসও ছিলেন।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এসএফআরএল ভবনের সভাকক্ষে কোম্পানির সামগ্রিক বিষয়ে রাষ্ট্রদূত ও তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদলকে প্রতিষ্ঠান সম্পর্কে জানান আন্তর্জাতিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রসেনজিৎ চক্রবর্তী। পরে ব্যবস্থাপক (কোয়ালিটি অ্যাশিউরেন্স) সবিতা বসাক ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুরে ঘুরে রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলকে পুরো কারখানার উৎপাদন ও কারিগরি কার্যক্রম দেখান।
তপন চৌধুরী বলেন, মার্কিন রাষ্ট্রদূতের স্কয়ার ফার্মা পরিদর্শন বাংলাদেশকে বিদেশে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় সুযোগ। সম্প্রতি আমেরিকান এফডিএ সার্টিফিকেশন লাভ করে স্কয়ার ফার্মা। এভাবে বিশ্বব্যাপী বাংলাদেশের ওষুধ রপ্তানির একটি বড় সুযোগ সৃষ্টি হচ্ছে।