অমর একুশে গ্রন্থমেলার বাকি আর মাত্র সাত দিন। গতকাল সোমবার স্টল বরাদ্দের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকাশকেরা নিজেদের স্টল বুঝে নিয়ে সাজানোর কাজ শুরু করেছেন।
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলার একাংশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। মূলত এখানেই দেশের নামকরা প্রকাশনা সংস্থাগুলো তাদের নতুন-পুরোনো বইগুলো তুলে ধরবে পাঠকদের জন্য। গতকাল সোহরাওয়ার্দী উদ্যান ও মেলার অপর অংশ বাংলা একাডেমির আঙিনা ঘুরে চোখে পড়েছে মেলাকেন্দ্রিক নানা কর্মযজ্ঞ। আয়োজকেরা জানিয়েছেন, এবারের বইমেলার নান্দনিকতা বাড়াতে এবং পাঠকের সুবিধার্থে কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পরিসর বাড়ানোর পাশাপাশি এবারের মেলায় যে বিষয়টিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে মেলার নান্দনিকতা। একটি পরিকল্পিত ও সুন্দর মেলা উপহার দেওয়ার চেষ্টায় নিয়মিত কাজ করে যাচ্ছি আমরা। সবকিছু মিলিয়ে এবারের মেলা ভিন্ন রকম হবে।’
সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে ১২টি চত্বরে ভাগ করে গুচ্ছ পদ্ধতিতে সাজানো হচ্ছে স্টলগুলো। এবার তথ্যকেন্দ্রে বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রকাশনী থেকে বের হওয়া নতুন বইয়ের একটি কপি থাকবে, যা থেকে পাঠকেরা জেনে নিতে পারবেন তাঁর পছন্দের বইটি পাওয়া যাবে কোন প্রকাশনীর স্টলে। তবে তথ্যকেন্দ্রে বই বিক্রি হবে না।
মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি চত্বরেই আলাদা রঙের এলইডি বাতির সাহায্যে বর্ণিল রূপ দেওয়া হবে। চত্বরগুলোর স্বতন্ত্র রঙিন বাতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেসব চত্বরের অন্তর্ভুক্ত প্রকাশনা সংস্থাগুলোর স্টলসজ্জায়ও সেই বিশেষ রঙের প্রাধান্য দিচ্ছে একাডেমি। কবি-সাহিত্যিক-মনীষীসহ বিশিষ্টজনদের নামে হবে এই ১২টি চত্বর।
সূত্র বলেছে, মূল দুই প্রবেশপথ দোয়েল চত্বর ও টিএসসি এলাকার দৃষ্টিনন্দন দুটি ফটকে স্থাপিত ইলেকট্রনিক বোর্ডের মাধ্যমে উপস্থাপিত হবে মেলাসংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা। এ ছাড়া গত বছরের মতো এবারও মেলা উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। এতে বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা সাহিত্যিকেরা আসবেন।
প্রথমবারের মতো ডিজিটাল লটারি
এবারই প্রথম গ্রন্থমেলায় ইউনিট বরাদ্দের ক্ষেত্রে ডিজিটালি লটারি হয়েছে বাংলা একাডেমিতে। গতকাল বেলা ৩টায় লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে প্রকাশকেরা কে কোথায় তাঁদের স্টল বা প্যাভিলিয়ন পাচ্ছেন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রকাশকদের উপস্থিতিতে এই লটারিতে অংশ নেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, লেখক আনোয়ারা সৈয়দ হক প্রমুখ। এবার মেলায় ১ ইউনিট পেয়েছে ১৪২টি প্রতিষ্ঠান, ২ ইউনিট পেয়েছে ১১৪টি, ৩ ইউনিট পেয়েছে ৩১টি, চার ইউনিট ১৯টি এবং প্যাভিলিয়ন পেয়েছে ১৩টি প্রতিষ্ঠান।
এবার টিনের ছাউনি
বিগত কয়েক বছর ঝড়-বৃষ্টির কবলে পড়ে বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এমন ক্ষতি এড়াতে প্রতিটি স্টলের ওপরে ত্রিপলের বদলে দেওয়া হচ্ছে টিনের ছাউনি। একই সঙ্গে এবার স্টলগুলোকে অগ্নিবিমার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও দাঙ্গা-হাঙ্গামাজনিত সৃষ্ট সমস্যাও বিমার আওতায় আনা হচ্ছে। এ ছাড়া এবার মেলার স্টল বরাদ্দের সময় লেখকের সঙ্গে প্রকাশকদের চুক্তিপত্রের অনুলিপিও জমা দিতে হচ্ছে।
কর্মজীবীসহ নানা শ্রেণি-পেশার পাঠকের সুবিধার্থে ২০১৭ সালের একুশে বইমেলার সময়সীমা আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। গতবার মেলার সময়সূচি ছিল বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। এবার ৩০ মিনিট বেড়ে মেলা খোলা থাকবে রাত সাড়ে আটটা পর্যন্ত।