স্টাফ কোয়ার্টার থেকে ১৭ ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ১৭টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এগুলো উদ্ধার করে। তবে কেউ আটক হয়নি।
ডিবির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের পরিদর্শক শফি উদ্দিন শেখ জানান, কোয়ার্টারের ৫/পি নম্বর ওই বাসা থেকে ১৭টি ককটেল ছাড়াও তিন ধরনের পাউডার (ব্রাউন, হোয়াইট ক্রিস্টাল ও হোয়াইট), ১০০টি কৌটা, পেট্রলবোমা তৈরির ২৫টি বোতল, এক কেজি চাল, দুই প্যাকেট ছোট লোহার বল, ছয়টি অব্যবহূত এবং একটি অর্ধ ব্যবহূত লাল টেপ উদ্ধার করা হয়।
পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, শুধু হরতাল নয়, যুদ্ধাপরাধীদের বিচার এবং পিলখানা হত্যা মামলার রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির বিভিন্ন স্থানে নাশকতা চালাতে এ রকম প্রস্তুতি নিচ্ছে। তাদের আটক করতে পুলিশ সক্রিয় রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, বাসাটি কিছুদিন খালি ছিল। গতকাল ওই বাসায় নতুন বরাদ্দ পাওয়া কর্মচারী উঠতে গিয়ে ককটেল ও বিস্ফোরকদ্রব্য দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
বেলা দুইটার দিকে ওই কোয়ার্টারের ৫/পি নম্বর বাসায় গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। ওই বাসায় সর্বশেষ সংস্কারের কাজ করা ঠিকাদার এনায়েত বলেন, বাসাটিতে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কর্মকর্তা খোরশেদ আলম সপরিবারে থাকতেন। সিলিং ভেঙে পড়তে থাকলে গত সেপ্টেম্বর মাসে তাঁরা সংস্কারকাজ শুরু করেন।
এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে দুর্বৃত্তরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।