স্টামফোর্ডে আন্তবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টামফোর্ড ডিবেট ফোরামের আয়োজনে চার দিনব্যাপী আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার অংশ নেয় ২৪টি দল। চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। ছবি: লেখক
স্টামফোর্ড ডিবেট ফোরামের আয়োজনে চার দিনব্যাপী আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার অংশ নেয় ২৪টি দল। চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। ছবি: লেখক

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১১তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। রানারআপ হয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।

স্টামফোর্ড ডিবেট ফোরামের (এসডিএফ) আয়োজনে গত বৃহস্পতিবার শুরু হয়ে চার দিনব্যাপী বর্ণাঢ্য এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয় গত রোববার।

মূল প্রতিযোগিতায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের মোট ২৪টি দল অংশগ্রহণ করে। যুক্তির লড়াইয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরাদের সেরা হিসেবে চ্যাম্পিয়নের মুকুট জয় করে নেন আইন বিভাগের জাবেদ, কায়েস ও আতকিয়া। রানারআপ হয়ে বিতর্কে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শফিকুল, গৌরী ও রায়হান। ফাইনালের সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন আইন বিভাগের জাবেদ হাসান। তবে টুর্নামেন্টের সেরা বিতার্কিকের শিরোপা ট্রিপল ই বিভাগের রাজীব আহমেদের দখলে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো. আলী নকী, ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মো. শুকরানা, ই-ক্যাবের পরিচালক এম এ শিপন এবং স্টামফোর্ডের সহকারী প্রক্টর আল-মামুনসহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক মানুষের মননকে সমৃদ্ধ করে তোলে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে স্টামফোর্ড ডিবেট ফোরামের (এসডিএফ) সভাপতি সজীবুর রহমান খান বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর আবদুল্লাহ নাঈম বলেন, তরুণ বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এমন একটি দারুণ আয়োজন সফলভাবে শেষ করতে পেরে আমরা আনন্দিত।’

*খাদিজা স্বপ্না, শিক্ষার্থী, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ