স্টার কাবাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরির দায়ে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার হোটেল অ্যান্ড কাবাব, ডমিনাজ পিৎজা, আম্বালা সুইটস, ইফতার বাজার ও ভূত রেস্তোরাঁকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে গতকাল শনিবার রাজধানীতে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী বিচারিক হাকিম রহিমা খাতুন ও সাইফুল আজমের নেতৃত্বে দুটি পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।এর মধ্যে রং ও ভেজাল ঘি দিয়ে ইফতারসামগ্রী তৈরি ও বিএসটিআইয়ের সনদ না নিয়ে দই তৈরির অপরাধে স্টার কাবাবকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে জিলাপি ও মিষ্টিজাতীয় খাদ্য তৈরির দায়ে ভূত রেস্তোরাঁকে ৪৫ হাজার টাকা এবং অন্য প্রতিষ্ঠানগুলোকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।এ ছাড়া বাসি খাবার সংরক্ষণের দায়ে লালবাগের রয়েল হোটেলকে এক লাখ টাকা এবং ইসলামবাগের আলাউদ্দিন সুইটমিটকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তথ্য বিবরণী।