স্টিফেনর্যাপের বক্তব্য প্রত্যাহারের দাবি গণজাগরণ মঞ্চের
যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র্যাপের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এ বক্তব্য প্রত্যাহার না করলে ভবিষ্যতে তিনি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
জামায়াতকে রক্ষা করতে মার্কিন কূটনীতিকের ‘শিষ্টাচারবহির্ভূত’ বক্তব্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শাহবােগ জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। গত মঙ্গলবার স্টিফেন র্যাপ এক সংবাদ সম্মেলনে বলেন, ট্রাইব্যুনালে ব্যক্তির পরিবর্তে দলের বিচার করা হলে বাংলাদেশে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য অর্জিত না-ও হতে পারে।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধবিষয়ক দূতের দায়িত্ব যাঁরা গণহত্যার শিকার হচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো। স্টিফেন র্যাপ ফিলিস্তিনের রক্তের দাগ শুকানোর আগেই বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন। এর মাধ্যমেই স্পষ্ট হয়, সময়ের পরিক্রমায় ৪৩ বছরেও মার্কিন নীতির পরিবর্তন হয়নি। এখনো তারা গণহত্যাকারীদেরই দোসর।
ইমরান সরকার বলেন, ‘এই দূতের বাংলাদেশে আসার আগেই রাজনীতিবিদদের উচিত ছিল তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা। মুক্তিযোদ্ধারা আমাদের দেশ দিয়েছেন, মেরুদণ্ড দিয়েছেন। কিন্তু এ দেশের রাজনীতিবিদেরা এখনো মেরুদণ্ডহীন হয়ে রয়েছেন। তাঁরা বিদেশিদের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন।’ মার্কিন পরামর্শে সরকার ও রাজনৈতিক দলগুলো জামায়াতকে রক্ষা করার নীলনকশা করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেন, বাংলাদেশ এখনো ঔপনিবেশিকতার শাসন থেকে মুক্ত হতে পারেনি। ক্ষমতায় থাকার বা যাওয়ার জন্য এ দেশের রাজনীতিবিদেরা বিদেশি হস্তক্ষেপের জন্য মরিয়া হয়ে ওঠেন। পরাধীনতার শৃঙ্খলে তাঁরা বন্দী।
মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত বলেন, ‘যে দূত এ দেশে যুদ্ধাপরাধ বিষয়ে সবক দিতে এসেছেন, তিনি বিশ্বের ইতিহাস না পড়েই এসেছেন। এ দেশের সচিব পদমর্যাদার একজন কূটনীতিকের সঙ্গে বাংলাদেশের রাজনীতিকেরা যে ভঙ্গিতে ছবি তোলেন, তা দেখে বাঙালি জাতি হিসেবে লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়।’
সমাবেশের পর গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী সংগঠক ও কর্মীদের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।