স্টিমার চালুর উদ্যোগ থমকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-ঢাকা নৌপথে স্টিমার সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ থমকে আছে। দুই বছর ধরে নৌপথটি চালুর চেষ্টা চলছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। রামপাল-ঘষিয়াখালী চ্যানেলে নাব্যতা হ্রাস পাওয়ায় দুই বছর আগে স্টিমার চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।এদিকে ওই নৌপথে স্টিমার সার্ভিস পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসির খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে চালু করা হয় খুলনা-ঢাকা স্টিমার সার্ভিস। সে সময় সুন্দরবনের মধ্য দিয়ে এটি চলাচল করত। স্বাধীনতার পর মংলা হয়ে রামপাল-ঘষিয়াখালী চ্যানেল (সুন্দরবনের বাইরে দিয়ে) চালু হলে এই পথে চলাচল করতে শুরু করে স্টিমার। মংলা-রামপাল-ঘষিয়াখালী চ্যানেলে পলি জমে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় বিআইডব্লিউটিসি ২০১১ সালের ১৮ এপ্রিল খুলনা-ঢাকা নৌপথে স্টিমার সার্ভিস চলাচল বন্ধ ঘোষণা করে। খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালের ৭ নভেম্বর পূর্ব রুট (বড় মাছুয়া, বগি ও জয়মনিরগোল) দিয়ে স্টিমার চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিসির মেরিন শাখার সহ-মহাব্যবস্থাপক খন্দকার মহিউদ্দিন আহম্মদকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি সমীক্ষা দল গঠন করা হয়। দলটি সরেজমিনে তদন্ত করে গত বছরের ১২ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। বিআইডব্লিউটিসি খুলনা কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, বরিশাল বিভাগ স্থাপনের পর থেকে বিআইডব্লিউটিসির উচ্চপদস্থ কর্মকর্তারা খুলনা-ঢাকা নৌপথে স্টিমার সার্ভিস বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। এই পথে স্টিমার চলাচল বন্ধ হয়ে গেলে এ অঞ্চলের বিআইডব্লিউটিসির প্রায় ১০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি লুট করতে সহজ হবে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব আশরাফ-উজ-জামান বলেন, ‘খুলনা থেকে ঢাকায় কম টাকায় মালামাল পরিবহনের জন্য এটি একটি সহজ পথ। তা ছাড়া খুলনা-ঢাকা স্টিমার সার্ভিস একটি ঐতিহ্যের ধারক। এটা যেকোনো মূল্যে ধরে রাখা সরকারের উচিত।’ বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘আমি ও নৌমন্ত্রী ঘষিয়াখালী চ্যানেলটি দেখেছি। সেটি খননের চেষ্টা চলছে। কিন্তু নদীরপাড়ের ঘেরমালিকদের কারণে তা সম্ভব হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘খুলনাকে অকার্যকর করা হচ্ছে না। আমি যত দূর জানি, জলযানগুলো পড়ে থেকে বেশ ক্ষতি হচ্ছিল। ক্ষতি পুষিয়ে নিতে এগুলো ভাড়া দেওয়া হয়েছে।’