মংলা বন্দরে সরকারি স্টিমার সার্ভিসের (রকেট) একমাত্র ঘাটটিতে পন্টুনের সঙ্গে কোনো জেটি ও গ্যাংওয়ে (যাত্রীদের ওঠানামা ও চলাচলের পথ) না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে; ভোগান্তি হচ্ছে মালামাল পরিবহনে। জেটি ও গ্যাংওয়ে না থাকায় নদীর মাঝখানে স্টিমার নোঙ্গর করছে। মাসখানেক ধরে এ অবস্থা চলছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্থানীয় অফিস সূত্রে জানা গেছে, দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলার সঙ্গে খুলনা, বরিশাল, চাঁদপুর ও ঢাকার নদীপথে একমাত্র মাধ্যম হচ্ছে সরকারি স্টিমার। যা রকেট সার্ভিস নামে পরিচিত ও বিআইডব্লিউটিসির নিয়ন্ত্রণাধীন। বর্তমানে এসব রুটে সপ্তাহের চার দিন এ সার্ভিসের স্টিমার চলাচল করছে। পিএস মাসুদ নামে স্টিমারের মাস্টার মনসুর আহমেদ জানান, সড়কপথে ঝুঁকি ও ভাড়া বেশি হওয়ায় অনেকেই স্টিমারে যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু মংলার কুমারখালীতে অবস্থিত একমাত্র স্টিমার ঘাটটি দীর্ঘদিন সংস্কার না করায় পন্টুনের জেটি ও গ্যাংওয়ে ভেঙ্গে গেছে। এ কারণে স্টিমার মাঝ নদীতে নোঙ্গর করে। এতে তীর থেকে ট্রলার বা নৌকায় করে স্টিমারে ওঠতে ও স্টিমার থেকে তীরে আসতে যাত্রীদের বিশেষ করে মহিলা, শিশু ও বয়স্কদের অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। ট্রলার ব্যবহার করার কারণে যাত্রীদের অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে; মালামাল পরিবহনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিআইডব্লিউটিসির মংলা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুরুল আলম ঘাট সমস্যার কারণে যাত্রী ওঠানামা ও মালামাল পরিবহনে ভোগান্তির কথা স্বীকার করে বলেন, একটি দাতা সংস্থার বরাদ্দ করা অর্থে ঘাটটি সংস্কারের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই ঘাট সমস্যা কেটে যাবে।