চট্টগ্রামের স্টিল রি-রোলিং কারখানাগুলো সপ্তাহে তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার কারখানাগুলোর সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।গতকাল রোববার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্টিল রি-রোলিং কারখানা-মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে এক ঘণ্টা স্টিল রি-রোলিং কারখানার সামনে মালিক-শ্রমিক-কর্মচারী মিলে মানববন্ধনে অংশ নেবেন।চট্টগ্রাম স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাফর আলম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে পরামর্শ করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, ‘আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সময়-বিন্যাস করতে হলে সারা দেশেই একযোগে করতে হবে। কেবল চট্টগ্রামে এ ধরনের সিদ্ধান্ত আমরা মানব না।’ জানা গেছে, গতকাল চেম্বার নেতাদের সঙ্গে স্টিল রি-রোলিং কারখানার মালিকেরা বৈঠক করে অবিলম্বে কারখানায় সময়-বিন্যাস (স্ট্যাগারিং) করে গ্যাস বিতরণ বন্ধের দাবি জানান। তাঁরা বলেন, কেবল গ্যাস না পেয়ে গত ১০ বছরে চট্টগ্রামে ৩৮টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা বলেন, ২৬ অক্টোবর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম চেম্বারে এসে বলে যান, কারখানায় নিরবচ্ছিন্নভাবে গ্যাস দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে তা মানা হয়নি। তাঁরা বলেন, এমনিতেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সপ্তাহে এক দিন স্টিল কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। ফলে বর্তমানে স্টিল কারখানাগুলো সপ্তাহে চার দিনই বন্ধ থাকছে। চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য দেন চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম, স্টিল রি-রোলিং মিলস্ অ্যাসোসিয়েশনের সভাপতি জাফর আলম ও সাধারণ সম্পাদক মো. জাফরুল ইসলাম চৌধুরী। এদিকে গতকাল রোববার কেজিডিসিএলের বোর্ড সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হয়নি। কেজিডিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া মনে হয় না এই পরিস্থিতির উন্নতি হবে। কারণ, কেউই এ ব্যাপারে দায়িত্ব নিতে চান না।