স্টিয়ারিং কমিটির সভায় অনেক মতানৈক্য দূর হতে পারে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতার বিষয়ে কয়েকটি ক্ষেত্রে সৃষ্ট মতানৈক্য দূর হতে পারে যৌথ স্টিয়ারিং কমিটির সভায়। দুই দেশের বিদ্যুৎ সচিবের নেতৃত্বাধীন এই কমিটির দুই দিনের সভা আজ বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে।এর আগে স্টিয়ারিং কমিটির সভার প্রাক্-প্রস্তুতি হিসেবে গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা। দুই দেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বাধীন এই সভায় সহযোগিতার উদ্যোগ এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত পোষণ করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী গঠিত হয় যৌথ ওয়ার্কিং গ্রুপ ও স্টিয়ারিং কমিটি। গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ও দুই দেশের যৌথ উদ্যোগে এক হাজার ৩০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বেশ কিছু আলোচনা ও কাজের পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যুৎ আদান-প্রদানের জন্য গ্রিড লাইন নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।