স্টুডিও এখন সেকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগেকার দিনের এই স্টুডিওতে এখন আর ছবি তোলা হয় না। তাই বছরের পর বছর ধরে এভাবে অযত্ন–অবহেলায় পড়ে থাকে স্টুডিওর সরঞ্জাম। ছবিটি হাটখোলার একটি স্টুডিও থেকে গত শুক্রবার তোলা l প্রথম আলো
আগেকার দিনের এই স্টুডিওতে এখন আর ছবি তোলা হয় না। তাই বছরের পর বছর ধরে এভাবে অযত্ন–অবহেলায় পড়ে থাকে স্টুডিওর সরঞ্জাম। ছবিটি হাটখোলার একটি স্টুডিও থেকে গত শুক্রবার তোলা l প্রথম আলো

কৃত্রিম পাহাড়, ঝরনা বা সবুজ বনের ছবি। পাশেই পার্কের আবহ। সামনে বিশাল দুটো লাইট। স্টুডিও ঘরের দৃশ্য এটি। দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে। যেখানে উৎসব-পার্বণে দল বেঁধে ছবি তোলার হিড়িক পড়ে যেত। এখন এসব সেকেলে। এখন লোকে বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে সাদা বা আকাশি রঙের পটভূমিতে নানা আকারের পোট্রে৴ট ছবি তুলতে আসে। ক্যামেরার সহজ প্রাপ্তিতে স্টুডিওতে ছবি তোলার দিন ফুরিয়ে এসেছে।
ফটো মুভি অ্যান্ড স্টিলসের বয়স ৬০ বছর। ঢাকা নিউমার্কেট প্রতিষ্ঠার পরপরই এই প্রতিষ্ঠানটি চালু হয়। নিউমার্কেটের এই স্টুডিওর ছবি তোলার ঘরটি আগে বেশ বড় ছিল। দোকানের পরিচালক জিল্লুর রহমান দেখালেন, স্টুডিওর প্রায় অর্ধেক অংশে কম্পিউটার বসানো হয়েছে। শুধু পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য একটি ঘর রয়েছে। ২০০৬ সালে স্টুডিও ঘরের যে বিভিন্ন নেপথ্য দৃশ্য ছিল, তা তুলে ফেলেছেন। বললেন, ‘এখন আর আগের মতো ব্যবসা নেই।’
জিল্লুর রহমান বলেন, ‘এখন চাহিদার পরিবর্তন হয়েছে। প্রিন্ট ছবির জায়গায় এখন মোবাইলে মানুষ বেশি ছবি দেখে।’ একসময় কর্মচারী ছিল ২১ জন। এখন চারজন আছে। আড়াই টাকায় চার কপি ছবি ছেপে দিতেন। এখন তা পৌঁছেছে ১০০ টাকায়। বললেন, পরের প্রজন্ম এই ব্যবসায় আর এগোবে না।
ফটো মুভি অ্যান্ড স্টিলস আগে মাসে প্রায় ১০টির মতো বিভিন্ন অনুষ্ঠানের ছবি তোলার কাজ পেত। এখন দুই থেকে তিনটি কাজ পায়। তবে পরিচালক বললেন, এই দোকানের গ্রহণযোগ্যতা এখনো আছে। পুরোনো গ্রাহকেরা দূরদূরান্ত থেকে এখনো ফটো মুভি অ্যান্ড স্টিলসে ছবি তুলতে আসেন।
মতিঝিলের টিকাটুলীতে একসময় স্টুডিও ব্যবসা জমজমাট ছিল। টিকাটুলীর টয়েনবি রোডে আছে স্টুডিও ২৭ ইন্টারন্যাশনাল। বয়স ৩১ বছর। তিনতলা ভবনটির পুরোটিই স্টুডিও ছিল। এখন অবশ্য নিচতলাটিই ব্যবহৃত হয়। নিচতলায় একটি বড় ঘর রয়েছে। সেখানে কৃত্রিম পাহাড়, নানা রকম ছবি, কার্টুন ও একটি ড্রেসিং টেবিল আছে। তবে এসবের আর ব্যবহার নেই। পাশেই ছোট একটি ঘরে পোট্রে৴ট ছবি তোলা হয়।
গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, দোতলায় হিসাবরক্ষক শহীদুল ইসলাম বসে পত্রিকা পড়ছিলেন। বললেন, ‘এখন তো সবার হাতে হাতে ক্যামেরা। আমরা বসে বসে সময় কাটাই।’ মডেলিং ছবি তোলার ঘর, মেকআপ ঘর, ছবি ছাপানোর যন্ত্র, সবকিছুতেই ধুলো জমে আছে। ছবির নেগেটিভ রাখার একেকটি আলমারির ড্রয়ারগুলোতে নম্বর দেওয়া। সেটাও অকেজো। দোকানে আগে ৪৫ জন লোক কাজ করত। এখন ১২ জন আছেন।
স্টুডিও ২৭ ইন্টারন্যাশনালের দেখাশোনা করেন শেখ রেফায়েতুল্লাহ। তিনি বলেন, ‘আগে ঈদে পাঁচ-দশ হাজার টাকার ব্যবসা হতো, এবার ঈদে ৫০০ টাকা আয় হয়েছে।’ দেড় বছর ধরে দুটো ফিল্ম পড়ে আছে। কারও কাছে বিক্রি করতে পারছেন না। আগে প্রতিদিন প্রায় ১০টি ফিল্ম বিক্রি করতেন। ফিল্মের ক্যামেরার ব্যবহার প্রায় উঠেই গেছে।
দোকানের আলোকচিত্রী রতন ঘোষ বলেন, ব্যবসা এখন ফেসবুককেন্দ্রিক হয়ে গেছে। আগে সপ্তাহজুড়েই বিয়ে, জন্মদিনসহ নানা অনুষ্ঠানের ফরমাশ পেতেন। এ মাসে পেয়েছেন দুটি। ঈদে ভিড় হতো। এখন সেসব নেই। ভরসা শুধু দাপ্তরিক কাজের ছবির ওপর।
শেখ রেফায়েতুল্লাহ বলেন, টিকাটুলীতে প্রায় ২৫টি স্টুডিও ছিল। এখন তিনটির মতো টিকে আছে। সিদ্ধান্ত নিয়েছেন এবার ঈদে দোকান বন্ধ রাখবেন।
রেবা হোসেন তিন মেয়েকে নিয়ে স্টুডিও ২৭ ইন্টারন্যাশনালে এসেছেন। এক বছর আগে পাসপোর্ট সাইজের ছবি তুলেছিলেন। গত শুক্রবার আবার এসেছেন পাসপোর্টে নতুন করে ছবি দিতে হবে সেই ছবি তুলতে। তিনি বলেন, ‘আগে তো বন্ধুদের সঙ্গে গ্রুপ করে আসতাম, শখ করে ছবি তুলতাম। অনেক দৃশ্য ব্যাকগ্রাউন্ডে থাকত, ভালো লাগত।’ এখন আর ওই ধরনের ছবি স্টুডিওতে এসে তোলেন না। ক্যামেরা সংযোজিত স্মার্টফোন সবার হাতে হাতে। উপরন্তু ডিজিটাল ক্যামেরাও সহজলভ্য। কে আর স্টুডিওতে আসে কৃত্রিম দৃশ্যের সঙ্গে ছবি তুলতে।
ধানমন্ডি ৮/এ-তে আছে ফটো পার্ক। এর ব্যবস্থাপক জামাল বলেন, ‘আগে দিনে প্রায় সাত হাজার ছবি প্রিন্ট করতাম, এখন সাত শও হয় না।’ একটি ছবির ল্যাব করেছিলেন। আধুনিক যন্ত্রও আছে, কিন্তু তার আর ব্যবহৃত হচ্ছে না।