স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ‘স্টুডেন্ট কেবিনেট’ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক সরকার কাঠামোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত ও এ ব্যবস্থার সঙ্গে তাদের অভ্যস্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভোটাভুটির মাধ্যমে এ কেবিনেট গঠনের প্রক্রিয়া চালু রয়েছে।
নাটোর জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরাই নির্বাচন কমিশন গঠন করে ভোট গ্রহণের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেছে। জাতীয় নির্বাচনের আদলে গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের নিয়েই নির্বাচন কমিশন, নিরাপত্তাকর্মী ও ভোট গ্রহণ কর্মী গঠন করা হয়। পরে ভোট গণনা করে নেতা নির্বাচিত করা হয়।
নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, নলডাঙ্গার মাধনগর মাধ্যমিক বিদ্যালয় ও বাগাতিপাড়ার তমালতলা বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দায়িত্বশীলভাবে নির্বাচন সম্পন্ন করেছে।
ঈশ্বরদী উপজেলায় গতকাল ৫৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ‘স্টুডেন্ট কেবিনেট’ কমিটি গঠন করা হয়েছে। এ উপজেলায় এই প্রথম শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে স্টুডেন্ট কেবিনেটের নেতা নির্বাচন করল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে ৪১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মাদ্রাসা।