স্টেজের কোণে অপেক্ষায়, কখন স্যার আনিসুজ্জামান আসবেন

ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, বইয়ের মাস। ফেব্রুয়ারিজুড়ে চলতে থাকে বইয়ের উৎসব, অমর একুশে গ্রন্থমেলা।
আমি সারা বছর অপেক্ষায় থাকি কখন আসবে ফেব্রুয়ারি মাস। কখন আমি যাব প্রাণের মেলায়। ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমারোহে অনুষ্ঠিত হয় প্রাণের বইমেলা। ফেব্রুয়ারিজুড়ে চলে এই প্রাণের মেলা। আমি নিয়ম করে প্রতিদিনই যেতাম বইমেলায়।
প্রতিদিনই বিভিন্ন স্টল ঘুরে ঘুরে, বই ঘেঁটে ঘেঁটে নিয়ে নিতাম অনেক বই। কারণ, বিখ্যাত এই উক্তিটা আমার মগজে গেঁথে গেছে যে ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না।’ আমি বইয়ের কাঙাল। বই দেখলে নিজে আর সামলাতে পারি না। একদিন বইমেলায় বই কিনতে কিনতে আমার এমন অবস্থা হয়েছে যে বাসায় যাওয়ার ভাড়াটাও পর্যন্ত বই কেনায় বিলিয়ে দিয়েছি। রাতের ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে ফার্মগেট পর্যন্ত হেঁটে হেঁটে বাসায় এসেছি। অনেক কষ্ট হয়েছিল, তবু অন্তরে একধরনের শান্তি অনুভব করছি এই ভেবে যে আমি তো মহৎ কাজের জন্যই কষ্টটা করেছি। কারণ, ‘বই কেনার মতো মহৎ কাজ এবং বইয়ের মতো ভালো বন্ধু পৃথিবীতে আর কিছু হতে পারে না।’
সময়টা ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি। এই দিন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলার সূর্যসন্তান রফিক, শফিক, সালাম, বরকতরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠায়। ঘাতকের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছিল তাঁদের বুক। তাঁদের মহান ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজকে পেয়েছি ‘অ-আ’ বর্ণমালাদের। সাবলীলভাবে কথা বলতে পারছি মাতৃভাষা বাংলায়।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইকে ঘোষণা হচ্ছে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার। ছোটবেলা থেকেই আনিসুজ্জামান স্যারের নাম বইয়ে, পত্রপত্রিকায় শুনে আসছি। কিন্তু সরাসরি কোনো দিন দেখার সুযোগ হয়নি। আজ নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি, কেননা স্যারকে আজ সরাসরি দেখব। সুযোগ পেলে দু–একটা প্রশ্ন করব।
আমি স্টেজের এক কোণে বসে অপেক্ষার প্রহর গুনছিলাম, কখন আসবেন স্যার!
কিছুক্ষণের মধ্যে স্যার এসে স্টেজে উঠলেন। স্টেজে উঠতেই সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্যারকে অভিবাদন জানাল। স্যার অনুষ্ঠান উদ্বোধন করলেন। ভাষা আন্দোলন ইতিহাস নিয়ে বক্তব্য দিচ্ছেন।
বক্তব্যের মাঝে ২১ ফেব্রুয়ারি নিয়ে স্যার নিজের স্বরচিত একটা কবিতা আবৃত্তি করলেন। আবৃত্তি শেষে উৎসুক জনতার মাঝে স্যার একটা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘তরুণদের মধ্যে আজকের এই মহান দিবসে ভাষাশহীদদের স্মরণে কে কী করেছ?’
হঠাৎ স্টেজ স্তব্ধ হয়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল, এ কেমন প্রশ্ন!
আনিসুজ্জামান স্যারের একটা বিশেষত্ব ছিল, তিনি যেকোনো জায়গায় তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতেন।
আমি কয়েক সেকেন্ড পর ভয়ে ভয়ে হাত তুললাম। স্যার হাত দেখেই তাৎক্ষণিক উপস্থাপককে বললেন, ওকে মাইক্রোফোন দাও।
আমি মাইক্রোফোন হাতে নিতেই স্যার বলে উঠলেন, ‘বাবা, বলো তুমি কী করেছ ভাষা দিবস বা শহীদদের স্মরণে?’
আমি সহসা বললাম, স্যার, আমি ভাষা দিবস স্মরণে একটা কবিতা লিখেছি গতকাল রাতে।
স্যার এ কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে বেশ তাড়াহুড়ো করে বললেন, অসাধারণ বাবা, অসাধারণ! স্যার এবার মিষ্টি স্বরে বলে উঠলেন, ‘আচ্ছা বাবা, তুমি কি তোমার লেখা কবিতাটা আমাদের শোনাবা?
আমি বললাম, অবশ্যই স্যার, আমি এখনই আবৃত্তি করছি...
‘আজ আমরা
বাংলায় কথা বলি,
অ-আ-ক-খ বর্ণমালাদের
উপর ভর দিয়ে চলি।
সেই শাসকগোষ্ঠী ’৫২–তে
কেড়ে নিতে চেয়েছিল
আমাদের মায়ের ভাষা,
বাংলার বীর সন্তানেরা
পূরণ করতে দেয়নি সেই আশা।’
স্যার এ কয়েক লাইন শুনেই আমাকে থামিয়ে দিয়ে বললেন, বাহ্, বাহ্। অসাধারণ!
তুমি তো অনেক ভালো লেখো। কিসে পড়ো তুমি?
আমি বললাম, স্যার, এবার এইচএসসি পরীক্ষা দেব। আচ্ছা। তুমি অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করে যাবে। আমি বললাম, ঠিক আছে, স্যার।
অনুষ্ঠান শেষ হলো ৯টা ২০ মিনিটে। স্যার স্টেজ থেকে নামছেন। আমি স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছি স্যারের জন্য। স্যার আমাকে লক্ষ করে দাঁড়িয়েছেন, ডাকলেন, বাবা, এদিকে এসো। আমি স্যারের কাছে গেলাম। স্যার আমাকে বললেন, ‘তোমার লেখার হাত অনেক ভালো, তোমার মধ্যে আমি ভালো কিছুর আভা দেখতে পাচ্ছি। যেকোনো সমস্যা নিয়ে চলে এসো কলাভবনের ২০১১ নম্বর কক্ষে, ওখানে সব সময় আমাকে পাবে। তোমার সঙ্গে সাহিত্য নিয়ে আলাপচারিতা হবে। আমি নিজেও ছোটবেলা থেকে কবিতা লিখতাম। ভালোবাসতাম সাহিত্যকে। তুমি লেখালেখি চালিয়ে যাও। আমি আশা করছি, একদিন তুমি অনেক বড় লেখক হয়ে উঠবে।
একজন জাতীয় অধ্যাপক এত বিনয়ী, এত নম্র, এত মিশুক হতে পারেন, তা আগে আমার জানা ছিল না। স্যার খুবই বিনয়ী ও অমায়িক ছিলেন। স্যারের ওই দিনের কথাগুলো আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে, লেখালেখির মাঝে ডুবে থাকতে অনুপ্রেরণা জুগিয়েছে।
স্যারের ওই দিনের অনুপ্রেরণা মানসপটে লালন করে আমি এখন লেখক হয়ে উঠেছি। আমার প্রতি স্যারের সেদিনের আশা আজ বাস্তবে পরিণত হয়েছে। জীবনে সফল হয়ে উঠতে কিছু মহৎ মানুষের অনুপ্রেরণা প্রয়োজন। আমি ওটা আনিসুজ্জামান স্যারের কাছ থেকে পেয়েছি। আমার চোখে দেখা ‘অনুপ্রেরণার এক জলন্ত মশাল আনিসুজ্জামান স্যার’। স্যারের মৃত্যুসংবাদ শুনে নিজেকে আর সামলাতে পারলাম না, চোখ দিয়ে টপটপ করে পানি ঝরতে লাগল। মনে হলো আমি আমার একটা হাত হারিয়ে ফেলেছি।
মহামানবদের দেহের অবসান ঘটে, কিন্তু তাদের সৃষ্টির কখনোই অবসান ঘটে না। সৃষ্টি সব সময়ই থাকে জীবন্ত। সৃষ্টির মাঝে স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন নিরন্তর। ওপারে ভালো থাকবেন স্যার।
লেখক: শিক্ষার্থী: ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। [email protected]