স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ রেখে মেলা ও সার্কাস
জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নের নামে গতকাল শনিবার থেকে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে মাসব্যাপী কুটিরশিল্প মেলা ও সার্কাস শুরু হয়েছে। এ কারণে ওই স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ রয়েছে। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, স্টেডিয়ামের উত্তর প্রান্তে স্থাপন করা হয়েছে শতাধিক স্টল। দক্ষিণ প্রান্তে সার্কাসের বিশাল প্যান্ডেল। এর পাশে পুতুল নাচ ও মোটরসাইকেল খেলার ব্যবস্থা করা হয়েছে।জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক শহীদুজ্জামান অভিযোগ করেন, গাইবান্ধার ক্রীড়াঙ্গন এমনিতেই স্থবির। উপরন্তু কুটিরশিল্প মেলা ও সার্কাস আয়োজনের কারণে তা খেলাধুলার চর্চার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ, সার্কাসের ১৫ দিন আগে থেকে মাঠ খোঁড়াখুঁড়ি চলছে। সার্কাস শেষ হলেও মাঠ খেলার উপযোগী করতে অন্তত তিন মাস সময় লাগবে। সবমিলিয়ে বছরের প্রায় অর্ধেক সময় এখানে খেলাধুলা ও খেলার প্রশিক্ষণ বন্ধ থাকবে। আয়োজকদের স্বার্থসিদ্ধির জন্যই মেলা ও সার্কাসের আয়োজন করা হয়েছে। গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, সার্কাস বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলবে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ সরকার বলেন, মাঠের ক্ষতি করে মেলা ও সার্কাসের কোনো প্রয়োজন ছিল না। গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির বলেন, কুটির শিল্প মেলা করার কথা তাদের। কিন্তু ক্রীড়া সংস্থা কী উদ্দেশে এই মেলার আয়োজন করছে তা তাঁর বোধগম্য নয়।জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম দাবি করেন, ক্রীড়া সংস্থার সাহায্যার্থে এই মেলা ও সার্কাসের আয়োজন করা হয়েছে। মেলা-সার্কাসের কারণে মাঠের ক্ষতি হবে ঠিক; কিন্তু মেলা শেষে তা সংস্কার করা হবে। খেলাধুলার কোনো ক্ষতি হবে না।